রাজশাহীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজশাহী নগরের চন্দ্রিমা থানার শালবাগান এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির (২৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির নগরের মালদা কলোনি এলাকার মো. আবদুল্লাহর ছেলে।
নিহত ব্যক্তির বড় ভাই শাকিল আহমেদ বলেন, শনিবার সকালে তাঁরা দুজনই শালবাগান এলাকায় ইসমাইল হোসেনের নির্মাণাধীন চারতলা ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। এ সময় সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে পেছনের একটি দোতলা ভবনের ছাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভবনমালিকের ছেলে মো. সুমন বলেন, ভবনে কাজ করার সময় শ্রমিকদের সেফটি গার্ড ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এমনকি এ বিষয়ে স্ট্যাম্পে চুক্তিও করা হয়েছিল যে সেফটি গার্ড ছাড়া কোনো কাজ করা যাবে না। আগে কয়েকবার সেফটি গার্ড না থাকায় কিছু শ্রমিককে কাজ করতেও দেওয়া হয়নি। দুই দিন আগে চারতলা থেকে একটি বাঁশ পড়ে গেলে অল্পের জন্য তাঁর দুই সন্তান রক্ষা পায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্কও করা হয়েছিল।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ছাদে কাজ করার সময় এক শ্রমিক পড়ে মারা গেছেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।