সেনাসদস্য পরিচয়ে পাত্রী দেখতে গিয়ে যুবক আটক

হাতকড়াপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাসদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পাত্রী দেখতে গিয়েছিলেন আমির হামজা নামের এক যুবক। কিন্তু কথাবার্তার একপর্যায়ে তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হয় মেয়ের পরিবারের সদস্যদের। পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি সেনাবাহিনীর সদস্য নন। স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

গতকাল শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর কাছ থেকে সেনাবাহিনীর একটি জাল পরিচয়পত্র জব্দ করা হয়।

ঘটনার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন আমির হামজাকে ঘিরে ধরে তাঁর পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে নানা প্রশ্ন করছেন। একপর্যায়ে জানতে চাওয়া হয়, সেনাবাহিনীর পরিচয়পত্রটি কোথা থেকে তৈরি করেছেন। তিনি জানান, স্থানীয় একটি কম্পিউটারের দোকান থেকে সেটি তৈরি করেছেন।

আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শফিকুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার ওসি

জাতীয় পরিচয়পত্রে তাঁর নাম আমির হামজা থাকলেও জাল পরিচয়পত্রে নাম ব্যবহার করা হয়েছে মিনাজ উদ্দীন। তাঁর কাছ থেকে পরিচয়পত্রটির পাশাপাশি একটি মুঠোফোনও জব্দ করেছে পুলিশ।

আটক আমির হামজা দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের বাসিন্দা জানিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।