কক্সবাজারে গণপূর্তের জমিতে নির্মিত ছয়টি অবৈধ কটেজ উচ্ছেদ
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নকশা অনুমোদন ছাড়া শহরের লাইট হাউসপাড়ায় গণপূর্ত বিভাগের জমিতে নির্মিত হচ্ছিল আবাসিক কটেজের ছয়টি ভবন।
আজ বুধবার দিনব্যাপী অভিযান চালিয়ে ভবনগুলো গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে চারটি দ্বিতল ও দুটি বহুতল ভবন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কউক সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ।
আজ সকাল নয়টার দিকে কটেজ জোনের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সামনের প্রবাসী ফিরোজ আহমদের নির্মিত ভবন ভেঙে দেন ভ্রাম্যমাণ আদালত। এরপর পাশের কক্স ওশান কটেজ ভাঙা হয়। বেলা তিনটা পর্যন্ত একে একে আরও চারটি বহুতল ভবন (কটেজ) ভেঙে ফেলা হয়।
গণপূর্ত ও কউক সূত্র জানায়, ১৯৯৬ সালে সৈকত বহুমুখী সমবায় সমিতিকে ৭ দশমিক ৫ একর জমি বরাদ্দ দেয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। পরের বছর ১৯৯৭ সালে ওই বরাদ্দ বাতিল করে সৈকত বহুমুখী সমবায় সমিতিকে পাঁচ একর জমি বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সমিতি অবশিষ্ট ২ দশমিক ৫০ একর জমির জন্য উচ্চ আদালতে রিট করে।
২০১৬ সালে সমিতির পক্ষে রিভিউ পিটিশন দাখিল করা হলে সেটিও ২০১৯ সালে বাতিল করে ওই জমিতে নির্মিত স্থাপনা উচ্ছেদের আদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে আজ অভিযানে নামেন কউকের ভ্রাম্যমাণ আদালত।
গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, বর্তমানে এ কটেজ জোনে সরকারি জমিতে অবৈধভাবে এক ডজনের বেশি অবৈধ ভবন নির্মাণের কাজ চলছে।
কউকের নকশা অনুমোদন ছাড়া কাউকে ভবন বা অবকাঠামো নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার। তিনি বলেন, প্রথম দিন ছয়টি অবৈধ ভবন ভেঙে ফেলা হয়েছে। পর্যায়ক্রমে অবৈধ ও অনুমোদনহীন অন্যান্য স্থাপনাও উচ্ছেদ করা হবে।