চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবক খুনের ঘটনায় আরেকজন গ্রেপ্তার

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার তরুণছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন নামের এক যুবককে খুনের ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. এমরান (১৯)। গতকাল শনিবার রাতে নগরের চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে মো. হেলাল ও মো. ইলিয়াস নামের আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছিল পুলিশ গত শুক্রবার রাতে।

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আসামি এমরানকে গ্রেপ্তার করা হয়। ঘটনার ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা গেছে, ঘটনার সময় এমরান ঘটনাস্থলে ছিলেন। ভুক্তভোগীর অবস্থান সম্পর্কে সন্ত্রাসীদের অবগত করেছিলেন। হত্যাকাণ্ডের পরও এমরানের অবস্থান দেখা গেছে ঘটনাস্থলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সহায়তার কথা স্বীকার করেছেন আসামি।

২১ অক্টোবর দিনদুপুরে নগরের চান্দগাঁও থানার শমসেরপাড়া এলাকায় মাইক্রোবাসে করে এসে ইট-বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। পরে মাইক্রোবাস নিয়ে চলে যান আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা মো. মুসা বাদী হয়ে ঘটনার দিন রাতে চান্দগাঁও থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন। আসামিরা হলেন সন্ত্রাসী সাজ্জাদ হোসেন, তাঁর সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ও মো. হেলাল।

মামলার বাদী ও নিহতের বাবা মো. মুসা প্রথম আলোকে বলেন, তাঁর ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন সাজ্জাদ। এ ঘটনায় তাঁরা চান্দগাঁও থানায় দুই মাস আগে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এত দিন হলেও পুলিশ মূল আসামি সাজ্জাদকে ধরতে পারেনি।