গ্রেপ্তার ৭ জঙ্গি ও ৩ পাহাড়ি সন্ত্রাসী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি ও বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের অভিযানে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্য সন্দেহে গ্রেপ্তার ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বান্দরবান ও রাঙামাটি জেলার সীমান্তবর্তী বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সাইজাম পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদসহ ওই ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল বৃহস্পতিবার জানায় র‍্যাব।

সংগঠটির দাবি, তাঁদের মধ্যে সাতজন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া জঙ্গি সংগঠনের সদস্য এবং তিনজন বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সদস্য।

আরও পড়ুন

আদালত সূত্রে জানা গেছে, ওই ১০ জনের বিরুদ্ধে বিলাইছড়ি থানায় সন্ত্রাসবিরোধী আইনে (সংশোধনী-২০১৩) মামলা করা হয়েছে। আজ দুপুরে তাঁদের বান্দরবান থেকে কড়া প্রহরায় রাঙামাটি কোতোয়ালি থানায় আনা হয়। এরপর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁদের রাঙামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ১০ জনকে আদালতে হাজির করা হলেও কোনো রিমান্ড চাওয়া হয়নি। দু–এক দিন পর আবারও আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।