‘বিএনপিকে পদ্মার এপারে নামতে দেওয়া হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। বুধবার সন্ধ্যায় বাগেরহাট শহরের রেলরোডে
ছবি: প্রথম আলো


বিএনপির নেতা–কর্মীদের উদ্দেশে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, ‘ওরা আমাদেরকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয়, এত বড় সাহস! বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনই বাগেরহাট শহর থেকে দাবড়ায়ে ওদের দড়াটানা নদীর ওপার পার করে দিয়েছি। যতই চিল্লাচিল্লি করুক, বিএনপিকে পদ্মার এপারে নামতে দেওয়া হবে না।’

জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বাগেরহাটে আয়োজিত শ্রমিক সমাবেশে সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের নেতা। তাঁর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এ জন্য আগামী নির্বাচনে বাগেরহাটের চারটি আসনই আমরা শেখ হাসিনাকে উপহার দেব।’

বাগেরহাট রেলরোডে অনুষ্ঠিত সমাবেশে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভূঁইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশ শেষে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আকৃতির কেক কাটা হয় এবং নেতা–কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলা শ্রমিক লীগের সহস্রাধিক নেতা–কর্মী অংশ নেন।