ঘোড়াঘাটে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নিতাইশা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ওমর ফারুক (৪৩)। তিনি ঘোড়াঘাট থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ওমর ফারুকের বাড়ি গাইবান্ধায়। এ ঘটনায় ওই ট্রাকের মালিককে আটক করেছে পুলিশ। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। আটক ট্রাকমালিকের নাম হাফিজার রহমান (৩৮)। তিনি বগুড়া সদর উপজেলার ভান্ডার পাইকার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।
ঘোড়াঘাট থানার পুলিশ জানায়, গতকাল রাতে উপপরিদর্শক (এসআই) লিখন কুমার মণ্ডলের নেতৃত্বে কনস্টেবল ওমর ফারুকসহ কয়েক পুলিশ সদস্য দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে রাত্রিকালীন দায়িত্ব পালন করছিলেন। ভোররাত চারটার দিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাথরবোঝাই ট্রাক নিতাইশা মোড়ে পৌঁছালে ওমর ফারুককে পেছন থেকে চাপা দেয়। এতে তাঁর মাথা থেঁতলে যায়।
তৎক্ষণাৎ সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ওমর ফারুকের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ওই ট্রাকের মালিক নিজেই চালকের সহকারী হিসেবে কাজ করেন। তাঁকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।