ফরিদপুরে দুই নেতার বাসার কাছে বিস্ফোরণ, যা বলল বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশ
ফরিদপুরে আজ সোমবার বিকেলের জনসমাবেশকে ভন্ডুল করতে গতকাল রোববার রাতে জেলা বিএনপির শীর্ষ দুই নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে অভিযোগ দুই নেতার। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ও সদস্যসচিব এ কে কিবরিয়া বলেছেন, বিএনপির ডাকা আজকের সমাবেশ ভন্ডুল ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে গতকাল রাতে তাঁদের বাড়িতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মীরা এই ককটেলগুলোর বিস্ফোরণ ঘটান।
তবে জেলা আওয়ামী লীগ নেতারা বলছেন ভিন্ন কথা। ফরিদপুর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আশরাফুল বলেন, বিএনপির সমাবেশ জোরদার করতে তাঁরাই দুই নেতার বাড়িতে ও বাড়িসংলগ্ন জায়গায় ককটেল ফাটিয়েছেন। আওয়ামী লীগ এর সঙ্গে জড়িত নয়।
গতকাল রাত সোয়া আটটার দিকে জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার শহরের পূর্ব খাবাসপুর বাড়িতে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আধা ঘণ্টা পর রাত পৌনে নয়টার দিকে আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলীর বাড়ির পাশে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
এ কে কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘ককটেল বিস্ফোরণের পাঁচ মিনিট আগে তিনি বাসায় ফেরেন। এরপর বিকট শব্দ শুনতে পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন বাসার সামনে বাগানে ধোঁয়া উড়ছে। এরপর তিনি বাইরে বেরিয়ে আসেন। পরে আশপাশের বাড়ির বাসিন্দারা জানান, তিনটি মোটরসাইকেলে করে ছয়জন তরুণ এসে সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যান। তাঁদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। ফরিদপুরে বিএনপির আজকের সমাবেশকে ভন্ডুল করতে ক্ষমতাসীন দলের সদস্যরা নেতা-কর্মীদের মনে ভয় সৃষ্টির জন্য এ ককটেল ফাটিয়েছেন। পরে ফরিদপুর কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সৈয়দ মোদাররেছ আলী বলেন, এ কে কিবরিয়ার বাড়িতে ককটেল বিস্ফোরণের খবর শুনে তিনি সেখানে যান। পরে জানতে পারেন তাঁর বাড়ির পাশেও ককটেল ফাটানো হয়েছে। এ খবর শুনে তিনি দ্রুত বাড়িতে চলে আসেন। তিনি বলেন, আজ সরকার পতনের এক দফা দাবিতে শহরের কাঠপট্টি এলাকায় দলীয় অফিসের নিচে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশ ভন্ডুল ও জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ক্ষমতাসীন দল এ কাজ করেছে।
ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, সদস্যসচিব এ কে কিবরিয়া, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ কে কাইয়ুম ও মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা আজ বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার মো. শাহজাহানের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন। তাঁরা দুই নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ ও আজ বিকেলের সমাবেশের বিষয়ে পুলিশ সুপারকে জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান তাঁরা।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, ককটেল বিস্ফোরণের বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। রাজনৈতিকভাবে ফরিদপুর বরাবরই একটি শান্তিপূর্ণ শহর। এটি শান্ত শহরকে অশান্ত করার পাঁয়তারা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।