কাজ না করেই টাকা উত্তোলন

সংসদ সদস্যদের প্রকল্পগুলো আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়েই বাস্তবায়ন করা হয়। সেখানে কিছু ত্রুটিবিচ্যুতি হয় বলে মন্তব্য করেছেন প্রবীণ এক নেতা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তার পানিনিষ্কাশনের জন্য বরাদ্দ টাকা উত্তোলন করলেও কোনো কাজ হয়নি। গত সোমবার শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে
ছবি: প্রথম আলো

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সরকারি আব্দুর রাজ্জাক কলেজ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রাস্তা সংস্কার ও প্যালাসাইডিং স্থাপন এবং পানিনিষ্কাশনের ড্রেন নির্মাণের জন্য দুটি প্রকল্পে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ৩০ জুন প্রকল্পের পুরো টাকা তুলে নিয়েছেন ডামুড্যা পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তবে ২০ ডিসেম্বর পর্যন্ত ওই প্রকল্পে কোনো কাজ করেননি ওই নেতা।

গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির অধীনে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের দেওয়া প্রকল্প বাস্তবায়ন করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। তবে নজরুল ইসলামের মতো অনেকেই কাজ না করে প্রকল্পের জন্য বরাদ্দ সব টাকা তুলে নিয়েছেন, এমন অভিযোগ উঠেছে।

নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চলতি বছরের মে-জুন মাসের দিকে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এরপর বর্ষা চলে আসায় কাজ করতে পারিনি। এখন প্রস্তুতি নিয়েছি, কাজটা করে ফেলব।’

আমি শুধু প্রকল্পের তালিকা দিই। মাঠপর্যায়ে বাস্তবায়ন তদারক করি না। প্রকল্প-সংশ্লিষ্ট লোকজন তদারকির দায়িত্বে থাকেন। তবে কোথাও অনিয়ম হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
নাহিম রাজ্জাক, সংসদ সদস্য, শরীয়তপুর–৩ আসন

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২০২২ অর্থবছরে সংসদ সদস্য নাহিম রাজ্জাকের অনুকূলে ৯১টি প্রকল্পের বিপরীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ১ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে অন্তত ১০টি প্রকল্প ঘুরে দেখা গেছে, সেখানে কোনো কাজ হয়নি। এ ছাড়া ১০টি প্রকল্পে কাজ হয়েছে আংশিক। অথচ এসব প্রকল্প বাস্তবায়নের বরাদ্দের টাকা গত ৩০ জুন উত্তোলন করা হয়েছে। এর আগে নাহিম রাজ্জাক ৯১টি প্রকল্পের তালিকা তৈরি করে তাঁর অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য আধা সরকারি পত্র (ডিও লেটার) দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

জানতে চাইলে সংসদ সদস্য নাহিম রাজ্জাক প্রথম আলোকে বলেন, ‘আমি শুধু প্রকল্পের তালিকা দিই। মাঠপর্যায়ে বাস্তবায়ন তদারক করি না। প্রকল্প–সংশ্লিষ্ট লোকজন তদারকির দায়িত্বে থাকেন। তবে কোথাও অনিয়ম হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

সরেজমিনে দেখা গেছে, বছরখানেক আগে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোস্তফা কামাল ওরফে জুলহাস ব্যাপারীর বাড়ির জমির অংশের একটি ডোবা জয়ন্তিয়া নদী খননের বালু দিয়ে ভরাট করা হয়েছে। এদিকে ডামুড্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পারিবারিক একটি পুকুর ছিল। ওই পুকুরও জয়ন্তিয়া নদী খননের বালু দিয়ে ভরাট করা হয়েছে প্রায় এক বছর আগে। অথচ দুটি ভরাটের প্রকল্প দেখিয়ে মোস্তফা কামাল দুই লাখ ও কামরুল ইসলাম তিন লাখ টাকা তুলে নিয়েছেন। ওই দুই নেতার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি।

টিআর-কাবিখার প্রকল্পগুলো ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করতে হয়। তবে সংসদ সদস্যরা শেষ সময়ে তালিকা জমা দেন। প্রকল্পগুলো বাস্তবায়নের তদারকি ইউএনও এবং পিআইও করে থাকেন। প্রকল্প বাস্তবায়নে ত্রুটি থাকলে সেটা তদন্ত করে দেখা হবে।
পারভেজ হাসান, জেলা প্রশাসক

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের এক প্রবীণ নেতা প্রথম আলোকে বলেন, সংসদ সদস্যদের প্রকল্পগুলো আওয়ামী লীগের নেতা-কর্মীদের দিয়েই বাস্তবায়ন করা হয়। সেখানে কিছু ত্রুটিবিচ্যুতি হয়। পুরো প্রকল্প না করে টাকা আত্মসাৎ দুঃখজনক। এতে দলের ভাবমূর্তিনষ্ট হচ্ছে।

এদিকে ডামুড্যা পোস্ট অফিসের সীমানাপ্রাচীর থেকে উপজেলা পরিষদের গেট পর্যন্ত পুরাতন সীমানাপ্রাচীর রয়েছে। সেখানে আবার সীমানাপ্রাচীর নির্মাণ করার জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেনকে। একই স্থানে পানিনিষ্কাশনের ড্রেন নির্মাণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমকে। গত সোমবার ওই স্থানে গিয়ে দেখা যায়, দুটি প্রকল্পের কোনোটির কাজই শুরু হয়নি।

জানতে চাইলে মাহাবুব আলম এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। প্রকল্প বাস্তবায়ন না করেই টাকা উত্তোলন করেছেন, এমন
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভাই, আমি আপনার সঙ্গে দেখা করে সব বুঝিয়ে বলব।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে মূলত এসব প্রকল্পগুলোর তদারক করার কথা। প্রকল্পের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে, এমন ছবি জমা দিয়ে বরাদ্দের টাকা নেওয়ার বিধান আছে। কিন্তু ওই প্রকল্পগুলোর ক্ষেত্রে তা মানা হয়নি। কাজ না করেই রাজনৈতিক প্রভাব বিস্তার করে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় লোকজন দাবি করছেন।

ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য করতে রাজি হননি। ‘ব্যস্ত আছেন’ বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জেলা প্রশাসক পারভেজ হাসান প্রথম আলোকে বলেন, টিআর-কাবিখার প্রকল্পগুলো ৩০ জুনের মধ্যে বাস্তবায়ন করতে হয়। তবে সংসদ সদস্যরা শেষ সময়ে তালিকা জমা দেন। প্রকল্পগুলো বাস্তবায়নের তদারকি ইউএনও এবং পিআইও করে থাকেন। প্রকল্প বাস্তবায়নে ত্রুটি থাকলে সেটা তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।