ভাগনের মারপিটে আহত মামা, চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে পেলেন বাবার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃদ্ধ আবদুল হক মাতবরের লাশ উদ্ধারের ঘটনায় স্বজনদের আহাজারি। শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বড়চালা গ্রামে
ছবি: প্রথম আলো

ভাগনের আঘাতে আহত হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে মো. হারুন (৫৬) দেখলেন, ঘরে পড়ে আছে বস্তা দিয়ে ঢাকা বাবার লাশ। গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামে গতকাল শনিবার বেলা ১১টায় লাশটি পাওয়া যায়। এ ঘটনায় হারুনের ভাগনে আবু সালেককে (২৫) আটক করেছে পুলিশ।

হারুনের বাবার নাম আবদুল হক মাতবর (৮৮)। তিনি বড়চালা গ্রামের দুখাই মাতবরের ছেলে। আবু সালেক বরিশাল সদর উপজেলার জামাল উদ্দিনের ছেলে। তিনি আবদুল হক মাতবরের মেয়ের ঘরের নাতি।

আবদুল হক মাতবর
ছবি: সংগৃহীত

শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, আবদুল হকের লাশ উদ্ধারের খবরে গ্রামের উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন। আহত মো. হারুন বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। ভাগনের আঘাতে তাঁর মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে। স্বজনেরা উঠানে আহাজারি করছেন। সবাই আক্ষেপ করে বলছেন, ‘নেশার কারণে এত বড় ঘটনা ঘটে গেল।’

নিহতের স্বজন ফজলুল হক প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল নিয়ে বাড়িতে প্রবেশের সময় আচমকা হারুনের মাথায় পুঁতা দিয়ে আঘাত করেন সালেক। এতে তিনি রক্তাক্ত হয়ে চিৎকার শুরু করেন। তাঁকে উদ্ধার করে স্বজনেরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। যাওয়ার সময় বাড়ির সব কটি ঘর তালাবদ্ধ করে যান তাঁরা। চিকিৎসা শেষে শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সবাই বাড়িতে ফেরেন। এরপর থাকার ঘরে আবদুল হক মাতবরকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সকালে নিজ ঘরের পাশের অন্য একটি ঘরের ভেতর বস্তা দিয়ে ঢাকা অবস্থায় আবদুল হকের লাশ পাওয়া যায়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। মাথার আশপাশে মাটিতে ছড়িয়ে–ছিটিয়ে পড়েছিল রক্ত।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন মল্লিক।

আবু সালেক নেশায় আসক্ত বলে অভিযোগ করেছেন মো. হারুনের স্ত্রী তাসলিমা। তিনি প্রথম আলোকে বলেন, সালেক বড়চালা গ্রামে নিজেদের জমিতে ঘর তুলে থাকতেন। আট বছর আগে তাঁর মা মারা যান। এক বছর আগে বাড়িসহ জমি বিক্রি করে দেন সালেক। বাবা ঢাকায় থেকে চাকরি করেন। সালেক প্রায়ই নানা ও মামার কাছে নেশার টাকা চাইতেন। চার-পাঁচ দিন ধরে মামা ও নানার কাছে পাঁচ হাজার টাকা চাইছিলেন সালেক। কিন্তু আর্থিক সমস্যা থাকায় মামা টাকা দিতে পারেননি।

তাসলিমার বর্ণনা অনুযায়ী, তিন দিন ধরে সালেক নানার বাড়িতে ছিলেন। গত শুক্রবার সকালেও মামার কাছে টাকা দাবি করেছিলেন। এরপর রাতে মামা মোটরসাইকেল নিয়ে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাঁর মাথায় আঘাত করেন সালেক। এরপর তাঁকে নিয়ে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে ঘরের ভেতর বস্তায় লুকানো আবদুল হক মাতবরের লাশ পাওয়া যায়। তিনি বলেন, সালেক নানাবাড়িতে এসে নানার ঘরেই ঘুমাতেন। টাকা চেয়ে না পেয়ে নানাকে হত্যা করেছেন বলে তাঁদের ধারণা। তিনি বলেন, পাঁচ বছর আগে নানাবাড়ির পাশে এক স্বাস্থ্যকর্মীকে মারধরের ঘটনায় সালেক জেল খেটেছেন। সাড়ে চার বছর আগে জেল থেকে বের হন।

গাজীপুরের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আজমীর হোসেন শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আবু সালেককে আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।