চুয়াডাঙ্গায় পুলিশের বাধায় বিএনপির গণমিছিল পণ্ড, গ্রেপ্তার ৮
চুয়াডাঙ্গায় পুলিশের বাধায় কেন্দ্রঘোষিত গণমিছিল কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। আজ শনিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হওয়ার কথা ছিল।
কিন্তু মিছিল শুরুর আগে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের আট নেতাকে পুলিশ গ্রেপ্তার করে। এতে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে প্রেসক্লাব থেকে সাহিত্য পরিষদ পর্যন্ত পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
গ্রেপ্তার নেতারা হলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান, আবু বকর সিদ্দিক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক (রোকন), আইলহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু হানিফ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রাজিব খান, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ ও আহ্বায়ক কমিটির সদস্য আরমান খান।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪ ডিসেম্বর সদর থানা-পুলিশের করা নাশকতা মামলায় সাতজন এবং নিবারণমূলক মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান ওরফে বাবু খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সব সময় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন করে আসছি। পুলিশের এই হঠকারী সিদ্ধান্ত শান্তিপূর্ণ রাজনীতির অন্তরায়।’
দলীয় একাধিক সূত্র ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা বেলা আড়াইটা থেকে প্রেসক্লাবের আশপাশে জড়ো হতে থাকেন। পৌনে তিনটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমানের নেতৃত্বে সদর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা প্রেসক্লাবের সামনে পৌঁছান। এ সময় পুলিশের পক্ষ থেকে বিএনপির নেতাদের বলা হয় সড়কে না উঠে বরাবরের মতো সাহিত্য পরিষদ চত্বরে কর্মসূচি পালন করতে। কিন্তু বিএনপির নেতারা পুলিশের কথা উপেক্ষা করে ঘোষণা দেন, সড়কে গণমিছিল করবেন। এরপর পুলিশ প্রেসক্লাবের সামনে ও আশপাশ এলাকা থেকে ছয়জন ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সামনে থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ আটজনকে গ্রেপ্তারের পর গণমিছিলে যোগ দিতে আসা নেতা-কর্মীরা ছোটাছুটি করে পালাতে থাকেন। এরপর পুরো এলাকা সদর থানা ও গোয়েন্দা পুলিশের নিয়ন্ত্রণে চলে যায়। সন্ধ্যা পর্যন্ত শহরে পুলিশের টহল চলছিল।