বরিশালের আড়তগুলোতে আলু নেই, খুচরা বাজারেও সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়তগুলোতে আলু নেই। তাই খুচরা বাজারের দোকানগুলোতে আলুর সংকট দেখা দিয়েছে। শুক্রবার বরিশাল নগরের বাংলাবাজারে
ছবি: প্রথম আলো

বরিশালের আড়তগুলোতে আলুর মজুতে টান পড়তে শুরু করে গত বুধবার থেকেই। সেই দিনের পর আর পাইকারি ব্যবসায়ীরা হিমাগার থেকে আলু সংগ্রহ করছেন না। এতে বৃহস্পতিবার বরিশালের ফড়িয়াপট্টির আড়তগুলোতে আলুর মজুত কমে যেতে শুরু করে। শুক্রবার তা শূন্যে পৌঁছায়। ফলে খুচরা বাজারেও আলুর সংকট দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সম্প্রতি আলুর বাজারে অস্থিরতার কারণে সরকার আলুর দাম বেঁধে দেওয়ায় হিমাগার থেকে মালিক বা আলুর মজুতদারেরা আলু বিক্রি করছেন না। ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আড়তে আলুর সংকটের কারণে খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।

১৪ সেপ্টেম্বর পেঁয়াজ, আলু ও ডিম—এই তিন পণ্যের দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী, প্রতিটি ফার্মের ডিম ১২ টাকা, আলু খুচরা পর্যায়ে ৩৫ থেকে ৩৬ টাকা (হিমাগার পর্যায়ে ২৬ থেকে ২৭) এবং দেশি পেঁয়াজের দাম হবে ৬৪ থেকে ৬৫ টাকা।

নগরের ফড়িয়াপট্টির আড়তদার সজল দত্ত বলেন, দুই দিন ধরে বরিশালের আড়তে আলু আনছেন না ব্যাপারীরা। তাই স্বাভাবিকভাবেই আগের আলুর মজুত শেষ হয়ে গেছে। সরকার নির্ধারিত দামে আলু না পাওয়ায় ব্যাপারীরা আলু কিনছেন না। তাই আড়তগুলোতে শুক্রবার আলু শেষ হয়ে গেছে।

শুক্রবার নগরের হাটখোলা, পেঁয়াজ ও আলু পট্টি ঘুরে দেখা যায়, ৪২টি আড়তে পেঁয়াজ-রসুন স্তূপ করা থাকলেও আলু নেই। আড়তদারেরা জানালেন, প্রতিদিন যেই আড়তে এক থেকে দেড় হাজার বস্তা আলু আসত, সেখানে বৃহস্পতিবার এক বস্তা আলুও আসেনি। যা আলু ছিল, তা বুধ ও বৃহস্পতিবার রাতের মধ্যেই বেশির ভাগ আড়তে শেষ হয়ে গেছে।

হাটখোলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক দুলাল মোল্লা বলেন, বরিশালে আলু সংরক্ষণের জন্য কোনো হিমাগার বা কোল্ডস্টোরেজ নেই। রাজশাহী ও মুন্সিগঞ্জ থেকে বরিশালে আলু সরবরাহ করা হয়। মুন্সিগঞ্জ থেকে পাইকারি ৩২ টাকা এবং রাজশাহী থেকে ৩৪-৩৬ টাকা কেজি দরে আলু কিনতে হয়। এরপর পরিবহন খরচ, শ্রমিক, দোকান ভাড়া, বিদ্যুৎ বিলসহ কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত খরচ আছে। এরপর লাভের চিন্তা করতে হয়।

দুলাল মোল্লা আরও বলেন, ‘সরকার ৩৫-৩৬ টাকা আলুর খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে। অথচ হিমাগারেই আলুর মূল্য সর্বনিম্ন ৩৪ টাকা। আমরা হিমাগার থেকে বেশি দামে আলু কিনলেও আমাদের ভাউচার দেওয়া হয় সরকার নির্ধারিত মূল্যে। এরপর বরিশালে এনে বাড়তি দামে আলু বিক্রি করতে গেলে দফায় দফায় জরিমানা গুনতে হচ্ছে।’

বেশি দামে আলু বিক্রির দায়ে গত বুধবার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তালুকদার বাণিজ্যালয় নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সরকার নির্ধারিত দামের বাইরে এক টাকাও বেশিতে আলু বিক্রি করা যাবে না বলে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়। তাই বাধ্য হয়ে আড়তদারেরা বৃহস্পতিবার থেকে আলু আমদানি বন্ধ রেখেছেন।

প্রতিদিন আলুর বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী। শুক্রবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার আমরা আড়তে ঘুরে হাটখোলার আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তাঁদের বলা হয়েছে, তাঁরা যে দামে আলু কিনবেন, সেই দামেই চালান বা ভাউচার রাখতে। তবে আলু সরবরাহ যেন বন্ধ না হয়, সে বিষয়ে তাঁদের অনুরোধ করা হয়েছে। কিন্তু এখন ওনারা যে সমস্যার কথা বলেছেন, তা হলো আলুর মালিকেরা সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে চান না।

আর বেশি দামে বিক্রি করলেও ভাউচার দিতে চান সরকার নির্ধারিত দামে। ফলে পাইকারি বাজরে এনে ভাউচারের চেয়ে বেশ দামে বিক্রি করলে জরিমানার ঝুঁকিতে পড়বেন, এমন আশঙ্কায় আলু আনছেন না।’  তিনি আরও বলেন, ‘আমরা আরও দু-এক দিন বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছি, ব্যবসায়ীরা কী করেন? পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার দুপুরে নগরের বাংলাবাজারে গিয়ে দেখা যায়, অধিকাংশ দোকানে আলু নেই। মেসার্স মোস্তফা স্টোরের মালিক লিটু হাওলাদারের দোকানে গিয়ে দেখা যায়, কেজি দুয়েক আলু বস্তার নিচে পড়ে আছে। লিটু হাওলাদার বলেন, ‘পাইকারি বাজারেই আলু নেই। আমরা পাব কোথায়? বুধবার দুই বস্তা আলু এনেছিলাম পাইকারি ৪২ টাকা কেজি দরে, তা ৪৫ টাকা দরে বিক্রি করেছি। এর পর আর আলু পাওয়া যায়নি। তাই দোকানে আলু ফুরিয়ে গেছে।’

নগরের বটতলা বাজারেও একই অবস্থা। এই বাজারের আকন স্টোরের মালিক মাহতাব হোসেন আকন বলেন, ‘বৃহস্পতিবার কয়েক বস্তা আলু এনেছিলাম কেজি ৩৮ টাকা ৫০ পয়সা দরে। তা এখন ৪৪ টাকা দরে বিক্রি করছি। এরপর কী হবে বুঝতে পারছি না।’