চট্টগ্রামে ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন
চট্টগ্রামে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের মানববন্ধনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিও ছড়িয়ে পড়ে।
ফেসবুকে এ মানববন্ধনের ভিডিও শেয়ার করেছেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি। তিনি এখন নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেন। জানতে চাইলে মুঠোফোনে আজ বিকেল সাড়ে চারটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে সাতটা থেকে আটটার দিকে এই মানববন্ধন হয়েছে।
পুলিশ জানায়, নগরের কোতোয়ালি এলাকায় কোর্ট হিলে অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন নেতা–কর্মীরা। তবে এটি কখনকার, তা নিশ্চিত নয়। চট্টগ্রাম কোর্ট হিলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালত, আইনজীবীদের চেম্বার ও বার অ্যাসোসিয়েশন ভবনসহ নানা সরকারি স্থাপনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি–ভিডিওতে দেখা যায়, ভোরে সরকারি অফিসের কার্যক্রম শুরুর আগে এ মানববন্ধন করেন নেতা–কর্মীরা। তাঁদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। ব্যানারে নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানির নাম লেখা ছিল।
মানববন্ধনের একটি ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে গোলাম সামদানি লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।’
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আজকের কি না, তা যাচাই করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখছি।’