জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উদ্যোগে চালু হলো লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালু করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরে বাসের এই লাইভ ট্র্যাকিং সিস্টেমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান। এ সময় জীববিজ্ঞান অনুষদের ডিন মাফরুহী সাত্তার, প্রক্টর এ কে এম রাশিদুল আলম, গণিত বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলামসহ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য শাকিল সরদারের উদ্যোগে ও আইট্র্যাকারবিডি কোম্পানির সহায়তায় এই প্রযুক্তি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি চালু করা হলো। পরবর্তী সময়ে ধাপে ধাপে সব বাসে এই সিস্টেম যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা মুঠোফোনে একটি অ্যাপের মাধ্যমে বাসের অবস্থান তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। এ ছাড়া বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌঁছাবে, তা আগেই জানা যাবে। কোনো কারণে বাস দেরি করলে নোটিফিকেশন পাওয়ার সুবিধাও থাকবে। এতে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা সহজ হবে এবং যাতায়াত আরও স্বাচ্ছন্দ্য ও নিরাপদ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য শাকিল সরদার বলেন, অনেক শিক্ষার্থী নিয়মিত ঢাকা থেকে ক্যাম্পাসে আসেন আবার অনেকে টিউশনিসহ বিভিন্ন কাজে ঢাকায় যাতায়াত করেন। দেখা যায়, অনেক সময় তাঁরা ক্যাম্পাসের বাসের আপডেট তথ্য না পেয়ে বাস মিস করেন। সাধারণ শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ‘স্মার্ট ক্যাম্পাস’ গঠনের অংশ হিসেবে শিক্ষার্থীবান্ধব এই উদ্যোগ নিয়েছে ছাত্রদল। ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর আরও সেবা শিক্ষার্থীদের জন্য চালু করার পরিকল্পনাও রয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘গত ১৭ বছর ফ্যাসিস্টের আমলে এই ক্যাম্পাসে ছাত্রদল প্রবেশ করতে পারেনি। যে কারণে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটি বিশাল গ্যাপ ছিল। আমরা যখনই পাঁচ আগস্ট–পরবর্তী সময়ে ক্যাম্পাসে প্রবেশ করেছি, ধারাবাহিকভাবে চেষ্টা করেছি শিক্ষার্থীবান্ধব কর্মসূচির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি গিয়ে রাজনীতি করার। শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর মধ্যে যাতে একটি হৃদ্যতার পরিবেশ থাকে, বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে, তার ধারাবাহিকতায় আমরা আজকে দুটি বাসে পরীক্ষামূলক লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম চালু করেছি।’
বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম উদ্বোধনের পর উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ছাত্রদলের এই উদ্যোগকে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হারিয়ে যাওয়া ঐতিহ্যের সহাবস্থান ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি হিসেবে দেখছি, যেটা শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনগুলো করে থাকে। এই উদ্যোগ তার অন্যতম উদাহরণ। বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে যে পরিবর্তন আসবে, সেটি শিক্ষার্থীদের উপকারে আসবে, সময় বাঁচাবে। বিশেষত যাঁরা বাসে বেশি যাতায়াত করেন, তাঁদের শিক্ষা কার্যক্রম আরও সহজ হবে।’