চট্টগ্রাম চেম্বার নির্বাচনের প্রাথমিক বাছাইয়ে বাদ পড়লেন অর্ধেক প্রার্থী

চট্টগ্রাম চেম্বারের লোগোছবি: চেম্বারের ফেসবুক থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালক পদে নির্বাচনে প্রাথমিক মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৩৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চেম্বারের নোটিশ বোর্ডে দেওয়া প্রার্থী তালিকা থেকে এ তথ্য জানা গেছে। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭১ জন। অর্থাৎ প্রায় অর্ধেক প্রার্থী বাদ পড়েছেন।

চেম্বার সূত্র জানায়, গত ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মনোয়নয়পত্র সংগ্রহ করেছেন ব্যবসায়ীরা। ২১ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন। এ বছর চেম্বারের নির্বাচনী বোর্ড থেকে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। এসব নথি ও তথ্য জমা দিতে না পারায় বাদ পড়েছেন ৩৫ জন প্রার্থী। তবে আগামী শনিবার পর্যন্ত আপিল করা সুযোগ আছে তাঁদের। আগামী ৫ অক্টোবর প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা।

এবার নির্বাচনে নির্বাচন বোর্ড মনোনয়নপত্রের সঙ্গে সাতটি তথ্য চেয়েছে। চেম্বার জানায়, এ বছর নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত কর, ভ্যাট, শুল্ক পরিশোধের সনদ; পুলিশ ক্লিয়ারেন্স সনদ ও ঋণখেলাপি কি না, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মূল প্রত্যয়ন সনদ (সিআইবি) জমা দিতে হয়েছে। পুলিশ ক্লিয়ারেন্সে ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগের পাঁচ বছর পার না হলেও প্রার্থী হওয়া যাবে না।

বাদ যাওয়া প্রার্থীদের তালিকা ঘেঁটে দেখা গেছে, ৩৫ জনই বাদ গেছেন সিআইবি প্রতিবেদন, পুলিশ ক্লিয়ারেন্স ও ভ্যাট রিটার্ন না থাকায়। এর মধ্যে ৪ জনের সিআইবি প্রতিবেদন ইতিবাচক নয় বলে উল্লেখ করা হয়েছে। ভ্যাট রিটার্ন নেই ৮ জনের এবং পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ জমা দেননি এমন প্রার্থী ৮ জন। আবার সিআইবি ও পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ নেই এমন ব্যবসায়ী ৩ জন এবং পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ ও ভ্যাট রিটার্ন নেই এমন ব্যবসায়ী ৪ জন।

চট্টগ্রাম চেম্বারের সহকারী সচিব মোহাম্মদ তারেক বলেন, এবার সাধারণ শ্রেণিতে ৪৮টি, সহযোগী শ্রেণিতে ১৭টি এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপে ৩টি করে মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে টাউন অ্যাসোসিয়েশনে কেউ বৈধ হননি। সাধারণ শ্রেণিতে ২৪টি, সহযোগীতে ৯টি ও ট্রেড গ্রুপে ৩টি মনোনয়ন বৈধ হয়েছে। যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে, তাঁরা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।