রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহানুর রহমান মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার সকাল ছয়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

অধ্যাপক জাহানুর রহমানের মৃত্যুর তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। পরে আজ ভোরে ব্রেন স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেছেন।’

১৯৯৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে প্রভাষক পদে যোগ দেন জাহানুর রহমান। ২০০২ সালে সহকারী ও ২০০৯ সালে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হন। ২০১৫ সাল থেকে অধ্যাপক পদে ওই বিভাগে কর্মরত ছিলেন তিনি।

এর আগে ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ থেকে স্নাতক ও ১৯৯২ সালে স্নাতকোত্তর পাস করেন জাহানুর রহমান। ২০০৯ সালে জাপানের হিরোশিমা সুডো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।

কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক ও জাপানের কিয়েটো গাকুয়েন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং স্কলার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নির্বাচিত সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, অধ্যাপক জাহানুরকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়িতে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

অধ্যাপক জাহানুর রহমানের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন।