জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি ছাত্র ফ্রন্টের
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই মানববন্ধনের আয়োজন করে।
বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক ফুয়াদ রাতুলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির সদস্য আসীদ দে, রঞ্জু শেখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ হিসেবে সরকার যদি ১৪ হাজার কোটি টাকা দিতে পারে, তাহলে জ্বালানি খাতে কেন মাত্র ৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে পারছে না? যারা সক্ষমতার চেয়ে অনেক কম বিদ্যুৎ উৎপাদন করে, তাদেরও ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়। কিন্তু জনগণের স্বার্থে জ্বালানিতে কোনো ভর্তুকি নেই। সরকার তার লুটপাটের অংশ হিসেবে ও ব্যবসায়ীদের সুবিধা দিতে এভাবে তেলের দাম বাড়িয়েছে। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক।
বক্তারা আরও বলেন, কোনো দেশে এত অল্প সময়ে তেলের দাম এভাবে বাড়েনি। সরকার জনগণের নাকি ব্যবসায়ীদের, সেটি এখন স্পষ্ট। মুদ্রাস্ফীতির কারণে দেশে এমনিতেই সবকিছুর দাম বেড়েছে। এর মধ্যে তেলের মূল্যবৃদ্ধিতে জীবনযাপন আরও বেশি কষ্টকর হয়ে উঠেছে। সরকার মূলত আইএমএফের ঋণ নিতে তেলের দাম বাড়িয়েছে। কিন্তু ঋণ নিয়ে কোনো দেশের অর্থনীতি বেশি দিন সচল রাখা যায় না। অতি দ্রুত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।