বিদ্যুতের লাইনের নিচে ছড়ায় পড়ে ছিল মৃত হনুমান, পাশেই কাঁদছিল বাচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত চশমাপরা হনুমানের পাশেই গাছের ডালে ঝুলে কাঁদছিল বাচ্চা হনুমানটি। শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা বনে
ছবি: প্রথম আলো

ছড়ার পাশ দিয়ে চলে গেছে বিদ্যুতের সঞ্চালন লাইন। এর ঠিক নিচে ছড়ায় মৃত অবস্থায় পড়ে ছিল একটি চশমাপরা হনুমান। পাশেই কাঁদছিল একটি বাচ্চা হনুমান।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনের গতকাল শুক্রবার সন্ধ্যার দৃশ্য এটি। বন বিভাগের স্থানীয় কর্মকর্তা ও এলাকাবাসী বলছেন, বিদ্যুৎস্পৃষ্টে হনুমানটি মারা গেছে।

এর আগেও ওই এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে কয়েকটি চশমাপরা হনুমানের মৃত্যু হয়। এলাকাবাসী বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন লাঠিটিলা বনের লাঠিছড়া বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ক্যাম্পের সামনের পাহাড়ি ছড়ায় মৃত চশমপরা হনুমানটিকে পড়ে থাকতে দেখেন। এটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ছিল। এ সময় পাশে বসে একটি বাচ্চা হনুমান কাঁদছিল। পরে স্থানীয় লোকজন মৃত হনুমানটিকে ছড়ার পানিতে ভাসিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা পরিবেশকর্মী খোরশেদ আলম আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এর আগেই মৃত হনুমানটিকে ছড়ায় ভাসিয়ে দেওয়া হয়। সেখানে বাচ্চাটিকে পাওয়া যায়। এটি মৃত হনুমানটির বাচ্চা বলে ধারণা করা হচ্ছে। বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই মাস। ওই বনের একটি স্থানে চশমাপরা হনুমানগুলো দল বেঁধে থাকে। রাতেই তিনি বাচ্চাটিকে ওই স্থানে ছেড়ে দিয়ে আসেন। বিষয়টি বন বিভাগের স্থানীয় লাঠিটিলা বিটের কর্মকর্তাকে জানিয়েছেন তিনি।

স্থানীয় লোকজন বলেন, বনের কমলছড়া এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে জড়িয়ে গত ১৫ ফেব্রুয়ারি একটি চশমাপরা হনুমানের মৃত্যু হয়। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর বনের একই এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে আরেকটি চশমাপরা হনুমান মারা যায়। এ ছাড়া ওই বছরের ১০ ফেব্রুয়ারি বনের কাছে অবস্থিত দিলখোশ চা-বাগান এলাকায় একইভাবে একটি চশমাপরা হনুমানের বাচ্চার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কথা বলতে বন বিভাগের লাঠিটিলার বিট কর্মকতা মো. রুমিজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল করে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

ওই সড়কের এক পাশ থেকে অন্য পাশে সহজে যাতায়াতের জন্য গত বছর তাঁদের উদ্যোগে একাধিক স্থানে ক্যানোপি ব্রিজ (দুই পাশের গাছে নাইলনের রশি টানিয়ে রাখা) স্থাপন করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার কার্যালয়ের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার।

তিনি প্রথম আলোকে বলেন, লাঠিটিলা বন ও এর আশপাশে লোকালয়ে আবরণবিহীন খোলা তার সরিয়ে সেখানে আবরণযুক্ত তার প্রতিস্থাপনের জন্য গত ১৯ ফেব্রুয়ারি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বরাবর একটি চিঠি দেওয়া হয়।

পবিসের বড়লেখা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এ কে এম আশরাফুল হুদা বলেন, বন্য প্রাণী বিভাগের চিঠি পাওয়ার পর তাঁরা বিদ্যুতের লাইনে আবরণ স্থাপনে নকশা প্রস্তুত করে ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন। তবে এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা মেলেনি।

মৌলভীবাজারের বন্য প্রাণী বিভাগ সূত্রে জানা গেছে, লাঠিটিলা বনের আয়তন ৫ হাজার ৬৩০ দশমিক ৪০ একর। এর মাঝখান দিয়ে জুড়ী-লাঠিটিলা পাকা সড়ক গেছে। সড়কের পাশসহ বনের ভেতরে বিভিন্ন এলাকার বিদ্যুতের সঞ্চালন লাইন গেছে। বনে চশমাপরা হনুমান, উল্লুকসহ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। অনেক প্রাণী গাছে বাস করে। হনুমান সাধারণত এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে চলাচল করে। এতে সঞ্চালন লাইনের তারে জড়িয়ে হতাহতের ঘটনা ঘটছে।