হবিগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের আরোহী ছাত্রদল নেতাসহ নিহত ২

নিহত হাফিজ সরকার ও মোস্তাফিজুর রহমানছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার উপ‌জেলার চ‌ন্দ্রিছড়া চা–বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে হাফিজ সরকার ও তালুগড়াই গ্রামের হাজি কিম্মত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান। হাফিজ শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।  

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, হা‌ফিজ ও মোস্তা‌ফিজুর মোটরসাইকেলে করে শ‌নিবার রা‌তে চ‌ন্দ্রিছড়া চা–বাগান এলাকায় ঘুরতে আসেন। ফেরার প‌থে রাত ১০টার দিকে চা–বাগানে মাজারের কা‌ছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তখন পেছন থেকে দ্রুতগ‌তির এক‌টি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থ‌লেই ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনার পরপরই ট্রাক‌ নিয়ে চালক পা‌লি‌য়ে যান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় আজ রোববার সকাল ১০টার দিকে জানান, আজ সকালে দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।