গ্রামের মেঠো পথ ধরে হেঁটে হেঁটে মানুষের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন এক নারী। পথে নারী ভোটারদের বুকে জড়িয়ে ধরে শুনছেন তাঁদের সুখ-দুঃখের কথা। এভাবেই গত বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়া ইউনিয়নের নাঙ্গলমোড়া বাজার এলাকায় ভোটের প্রচার করতে দেখা যায় চট্টগ্রাম-৫ আসনের (হাটহাজারী, বায়েজীদ আংশিক) বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনর স্ত্রী নওশীন আরজান চৌধুরীকে।
শুধু নওশীন আরজান নন, চট্টগ্রামের ১৬টি আসনেই প্রার্থীদের পক্ষে প্রচারণায় তাঁদের স্ত্রী-সন্তান, মা-বাবাসহ পরিবারের সদস্যদের এমন ব্যস্ত দিন কাটছে। ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাঁরা ভোট প্রার্থনা করছেন। তাঁদের কাছে পেয়ে খুশি ভোটাররাও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ২৫টি রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু করেছেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে ১৬টি সংসদীয় আসন। এর মধ্যে নগরের ১৬টি থানা এলাকায় আসন রয়েছে ৪টি। অন্য ১২টি আসনের মধ্যে ৭টি উত্তর চট্টগ্রামে ও ৫টি দক্ষিণ চট্টগ্রামে। চট্টগ্রামের ১৬ আসনে মোট ভোটার রয়েছেন ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৬ জন এবং নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭১ জন। মোট ভোটারের ৪৮ শতাংশ নারী।
বাবার জন্য সন্তানের প্রচারণা
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রতিদিনই প্রচারণা চালাচ্ছেন তাঁর নির্বাচনী এলাকায়। পাশাপাশি তাঁর ছেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরুও ভোটের প্রচারণায় নেমেছেন। বাবার জন্য ভোট চাচ্ছেন তিনি। দীর্ঘদিন থেকে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে তাঁর রয়েছে যোগাযোগ। নগরের দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গত মঙ্গলবার গণসংযোগ করেন ইসরাফিল খসরু।
একইভাবে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদেরের ছেলে সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর ছেলে ইমাদ এরশাদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের তানজিরুল ইসলাম, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হকের ছেলে আশরাফুল ইসলাম প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজামের জন্য প্রচারণা চালাচ্ছেন তাঁর ছেলে শাহওয়াজ জামাল নিজাম। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের জন্য তাঁর ছেলে সাফায়েত হোসেন ও মেয়ে তাবাসসুম মওরিন প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশার প্রচারণায় এলাকায় ব্যস্ত সময় কাটছে তাঁর ছেলে ইকবাল পাশা ও রাশেদ পাশার। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আসলাম চৌধুরীর জন্য তাঁর মেয়ে মেহরীন আনহার উজমা সলিমপুরসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শামসুজ্জামান হেলালীর জন্য প্রচারণা চালাচ্ছেন তাঁর ছেলে আহরার জামান।
প্রচারণায় স্ত্রী
সীতাকুণ্ডে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর পক্ষে তাঁর স্ত্রী জামিলা নাজনীন মাওলা প্রতিদিনই এলাকায় প্রচারণা চালাচ্ছেন। চট্টগ্রাম-৫ আসনের বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের স্ত্রী নওশীন আরজান চৌধুরী প্রচারপত্র বিতরণ, গণসংযোগের পাশাপাশি করছেন পথসভাও। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরীর পক্ষে তাঁর স্ত্রী আনিলা ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর পক্ষে তাঁর স্ত্রী শ্যামানজার শ্যামা খান, চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে তাঁর স্ত্রী নাজনিন নিজাম প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর পক্ষে তাঁর স্ত্রী ফাহমিনা কাদেরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হকের পক্ষে তাঁর স্ত্রী আমেনা শাহীন, চট্টগ্রাম-১১ আসনে জামায়াতের প্রার্থী মো. শফিউল আলমের স্ত্রী বিলকিছ আক্তার প্রচারণায় ব্যস্ত রয়েছেন। প্রার্থীদের স্ত্রীদের প্রচারণা প্রধানত নারী ভোটারদের লক্ষ্য করেই।
ছেলের জন্য বাবা
বিএনপির সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন। দলের এই জ্যেষ্ঠ নেতার বদলে এবার চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রার্থী হয়েছেন ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। হেলাল দলটির চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক। প্রচারণা শুরুর পর থেকেই ছেলে হেলালের জন্য মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন। সম্প্রতি এলাকায় ভোটারদের উদ্দেশে মীর নাসির বলেন, ‘ছেলে এবং আমি দুজনে মিলে আপনাদের ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশা আল্লাহ। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে ছেলেকে জয়যুক্ত করুন।’
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে এলডিপির প্রার্থী ওমর ফারুক। তাঁর বাবা সাবেক মন্ত্রী ও এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। ছেলেকে সঙ্গে নিয়ে এলাকায় প্রচার চালাচ্ছেন তিনি। গত বুধবার চন্দনাইশের বরকল এলাকায় গণসংযোগে তিনি বলেন, ‘শেষ বয়সে সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি।’ ওই সময় তিনি ছেলেকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণায় মা
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরীর জন্য তাঁর মা ফারহাত কাদের চৌধুরী তফসিল ঘোষণার পর থেকেই প্রচারণা চালাচ্ছেন। হুমাম কাদের চৌধুরীর মা ফারহাত কাদের চৌধুরী সম্প্রতি রাঙ্গুনিয়ায় গিয়ে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান করেন। হুমামের বড়বোন ফারজিন কাদের চৌধুরীও ভাইয়ের জন্য ভোটের প্রচারণা চালাচ্ছেন।
প্রার্থীদের স্বজনদের প্রচারণার বিষয়ে অন্তত ১৪ জন ভোটারের সঙ্গে কথা হয় প্রথম আলোর। প্রার্থীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের দেখা পেয়ে ভোটাররা খুশি। ভোটের পরও প্রার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা ভোটারদের সুখ-দুঃখের খবর নেবেন, সেটিই প্রত্যাশা করেন বলে জানিয়েছেন এই ভোটাররা।