সৈয়দপুরে ওষুধ নিয়ে বাড়িতে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে হোটেলশ্রমিকের মৃত্যু
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক হোটেলশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে সৈয়দপুর রেলস্টেশনের পূর্ব দিকে ১ নম্বর রেলগুমটি–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী (৪৫) শহরের হাওয়ালদারপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, আকবর আলী কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে ফার্মেসি থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। ওষুধ নিয়ে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে সৈয়দপুরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি মারা যাওয়ায় বিষয়টি সৈয়দপুর থানার আওতায় পড়েছে। ঘটনাটি সৈয়দপুর থানাই তদন্ত করবে।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে হাসপাতাল থেকে আকবর আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।