আধা ঘণ্টায় চার্জার ফ্যানের দাম বাড়ল ১ হাজার, জরিমানা ২০ হাজার টাকা
রাজশাহীর সাহেব বাজারে আজ বৃহস্পতিবার দুপুরে এক ভোক্তার কাছে একটি চার্জার ফ্যানের দাম চাওয়া হয় আট হাজার টাকা। অন্য দোকানে দাম যাচাই করে ফিরে এলে তাঁর কাছে ৯ হাজার টাকা দাম চাওয়া হয়। ক্রেতাকে বলা হয় ফ্যানের দাম বেড়ে গেছে। ওই চার্জার ফ্যানের ক্রেতা ছিলেন এক নারী। তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যোগাযোগ করেন। তারা এসে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং ৮ হাজার টাকা দামেই ফ্যানটি বিক্রি করতে দোকানিকে বাধ্য করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম এই জরিমানা করেন। অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী জানান, রাজশাহীতে প্রচণ্ড দাবদাহের কারণে চার্জার ফ্যানের দাম বেশি নেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের একটি সম্মিলিত তদারকি দল রাজশাহী নগরের সাহেব বাজার এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় ওই নারী এসে অভিযোগ করেন, দোকানি তাঁর কাছ থেকে আধা ঘণ্টার ব্যবধানে একটি চার্জার ফ্যানের দাম এক হাজার টাকা বেশি চেয়েছেন। তাঁরা বলছেন, আধা ঘণ্টার ব্যবধানে দাম নাকি বেড়ে গেছে। আগের চাওয়া দামে তাঁরা আর ফ্যানটি বিক্রি করতে চাচ্ছেন না।
ফজলে এলাহী জানান, তাঁদের তদারকি দলের কাছে ওই দোকানি ঘটনার সত্যতা স্বীকার করেন। এই ঘটনায় দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগের চাওয়া দামে ফ্যানটি ক্রেতার কাছে বিক্রি করতে বাধ্য করা হয়।