পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়কসহ ছয় নেতা কারাগারে
পিরোজপুরে হামলা ও বিস্ফোরক মামলায় জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মুহা. মুহিদুজ্জামানের আদালতে মামলার ১০ আসামির জামিন আবেদনের শুনানি শেষে বিচারক ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন, সদস্য নজরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন মল্লিক, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রিয়াজ শিকদার ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার।
আসামিপক্ষের আইনজীবী খাইরুল বাশার বলেন, আসামিদের জামিনের আবেদনের শুনানি শেষে বিচারক ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং চারজনের জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, গত ২৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে পিরোজপুর শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের কালেক্টরেট স্কুলের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল করে আসামিরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। হামলায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মী আহত হন। এরপর আসামিরা ঘটনাস্থলে ককটেল, জিআই পাইপ ও বাঁশের লাঠি ফেলে রেখে পুনরায় বিএনপির কার্যালয়ে চলে যান।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল, দুটি ককটেল বোমার অংশবিশেষ, চারটি জিআই পাইপ ও পাঁচটি বাঁশের লাঠি জব্দ করে। এ সময় পুলিশ বিএনপির ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। এরপর বিএনপি কার্যালয়ে থেকে চারটি অবিস্ফোরিত ককটেল, জিআই পাইপ ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ।
ওই দিন রাতে জেলা ছাত্রলীগে যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম বাদী হয়ে স্থানীয় থানায় জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে প্রধান আসামি করে ৬৯ জনের বিরুদ্ধে মামলা করেন। গত ৩ জানুয়ারি মামলার ১১ জন আসামি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম অন্তর্বর্তী জামিন পান। এরপর ৮ ফেব্রুয়ারি ১০ আসামি জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত ওই জামিনের আবেদনের শুনানির দিন আজ ধার্য করেন।
জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান বলেন, মামলাটি মিথ্যা। আমি তাঁদের দ্রুত মুক্তি কামনা করছি।