রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন এক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় উপস্থিত মেস মালিক সমিতির নেতারা ঘোষণা দিয়েছেন, তাঁরা বিভিন্ন ছাত্রাবাসে ভর্তি পরীক্ষা দিতে আসা ৫০ হাজার শিক্ষার্থীকে বিনা পয়সায় রাখার ব্যবস্থা করবেন।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে গতকাল বুধবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগরভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসন, খাবার, পরিবহন, যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তাব্যবস্থা, ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণ, ভ্রাম্যমাণ শৌচাগার স্থাপনের বিষয়সহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মেয়র বলেন, পরিচ্ছন্ন ও শান্তির নগর হিসেবে সারা দেশে রাজশাহীর সুনাম রয়েছে। ২৫ থেকে ২৭ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী, অভিভাবকসহ প্রায় তিন লাখ মানুষের আগমন ঘটবে। সবার সার্বিক সহযোগিতায় এই ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চান মেয়র।
এ সময় রাজশাহী মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান বলেন, বিভিন্ন ছাত্রাবাসে প্রায় ৫০ হাজার শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে। মেসে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে বিনা পয়সায় রাখা হবে। তবে অভিভাবকদের টাকা দিতে হবে। অভিভাবকেরা টিনশেড মেসে ৩০০ টাকা ও পাকা মেসে ৫০০ টাকা দিয়ে থাকতে পারবেন।
এনায়েতুর আরও বলেন, এ ব্যাপারে শিক্ষার্থীদের যোগাযোগের জন্য রাজশাহী মেস মালিক সমিতির ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার ফোন নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মেসে অবস্থানরত পরিচিত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে উঠলেও তাঁরা একই সুবিধা পাবে।
সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া ও মো. সুলতান উল ইসলাম। তাঁরা বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিষয়টিতে মাথায় রেখে সার্বিক দিক সমন্বয়ে রাজশাহী সিটি করপোরেশনের গৃহীত উদ্যোগের জন্য তাঁরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।