‘যোগ দাও যুক্তির মেলায়’—এ প্রতিপাদ্যে বাগেরহাটে শুরু হয়েছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। আজ শনিবার সকালে বাগেরহাটের উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতন মিলনায়তনে উৎসবের উদ্বোধন করা হয়। সকাল পৌনে ১০টায় বিদ্যালয়টির একদল শিক্ষার্থীর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের কার্যক্রম শুরু হয়েছে।
বিতর্ক উৎসবের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট বন্ধুসভার উপদেষ্টা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার বকসী। তিনি বলেন, ‘আমাদের আগামী দিনের জন্য তৈরি হতে হবে। সেটা হতে হবে সুস্বাস্থ্যে, মেধা ও মননে। ভালো মানুষ হতে হলে সত্য-ন্যায়ের পথে চলতে হবে। এ জন্যই তোমাকে যুক্তিবাদী হতে হবে। আমরা যুক্তিবাদী মানুষ চাই। আজকে যারা এই আয়োজনে অংশ নিয়েছ, তোমরা নিশ্চয়ই জানো, বিতর্ক আমাদের জানার পরিধি বাড়ায়। বিতর্ক মানুষকে যৌক্তিক হতে শেখায়।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লেখক ও অনুবাদক মোরশেদুর রহমান, সাবেক বিতার্কিক ও জাতীয় টেলিভিশন বিতর্কের প্রতিযোগিতার বিচারক মো. আবদুল মাজেদ, কচুয়া মহিলা কলেজের শিক্ষক সুজন কুমার মণ্ডল ও উদ্দীপন বদর সামছু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বাগেরহাট জেলা প্রতিনিধি ইনজামামুল হক।
চিকিৎসক প্রদীপ কুমার বকসী মাদকের কুফল নিয়ে কথা বলার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের দায়িত্ব-কর্তব্য, খাদ্যাভ্যাস, পুষ্টি ও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন। পরে সনাতনী বিতর্ক নিয়ে কর্মশালায় বিতর্কের খুঁটিনাটি বিষয়ে ধারণা তুলে ধরা হয়। উৎসব সফল করতে সার্বিক সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভা বাগেরহাটের সদস্যরা। উৎসবে বাগেরহাট ও পিরোজপুর জেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এখান থেকে বিজয়ী দল ঢাকায় জাতীয় পর্যায়ে বিতর্ক উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবে।
১৪ জুলাই থেকে পুষ্টির পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর উদ্যোগে এই স্কুল বিতর্ক উৎসব শুরু হয়। দেশের ৩৯টি অঞ্চলে এ উৎসব হচ্ছে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা ঢাকায় জাতীয় পর্বে অংশ নেবে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এ প্রতিযোগিতার প্রচার সহযোগী নাগরিক টিভি।