উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে হেড মাঝিকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায়-৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ ইলিয়াস (৪৩) নামের একজন হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ইলিয়াস উখিয়ায়-৪ নম্বর এক্সটেনশন সি-৩ ব্লকের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি ওই আশ্রয়শিবিরের হেড মাঝি (রোহিঙ্গা নেতা) হিসেবে কর্মরত ছিলেন।

আজ সোমবার ভোরে উখিয়ার-৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনাটি ঘটেছে বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি মো. শামীম হোসেন প্রথম আলোকে বলেন, আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা ও আরএসও সন্ত্রাসীদের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর জের ধরে ভোররাতে আরসার ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী দরজা ভেঙে তাঁর ঘরে প্রবেশ করেন।

এরপর ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যান। পরে বসতবাড়িসংলগ্ন একটি অফিসের পেছনে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে আরএসওর সক্রিয় সদস্য ও হেড মাঝি মোহাম্মদ ইলিয়াসের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই আশ্রয়শিবিরের একজন রোহিঙ্গা নেতা বলেন, নিহত ইলিয়াস প্রায় দুই বছর ধরে হেড মাঝির দায়িত্ব পালন করছিলেন। এর পর থেকে আরসার লোকজন তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলেন। সম্প্রতি আরসার সন্ত্রাসীদের তৎপরতা সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে আরসা সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে। আশ্রয়শিবিরের ব্লক ও হেড মাঝিদের এভাবে চিহ্নিত করে হত্যার ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ওসি মো. শামীম হোসেন আরও জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে ৬ মে উখিয়ায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাফর আহমদ (৪২) নামের এক রোহিঙ্গা নেতাকে হত্যা করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা। নিহত ওই নেতা রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্য। এর আগের দিন ৫ মে ভোর সাড়ে পাঁচটার দিকে পাশের উখিয়ার বালুখালী (ক্যাম্প-১৮) আশ্রয়শিবিরে আরসা সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করে আরএসও সদস্য নুর কামালকে।