স্বাবলম্বী নারী
অবসরে পরচুলা বানিয়ে সংসারে সচ্ছলতা
বাড়ির কাজের ফাঁকে ফাঁকে অবসরে সেখানে কাজ করে মাস গেলে চার থেকে পাঁচ হাজার টাকা হাতে আসে।
রুপালী খাতুনের (৩২) সংসার ভালোই চলছিল। কিন্তু বছর দুই আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে বিপাকেই পড়েন রুপালী। একসময় কাজ নেন চামেলী আপার পরচুলার কারখানায়। এখন নিয়মিত চুলের কাজ করে সংসার চালাচ্ছেন। সে আয়ে দুই সন্তানের পড়ালেখার খরচও চলছে।
সবুরা খাতুনের (৩৫) স্বামী আমিরুল ইসলাম ঝালমুড়ি বিক্রি করেন। তাঁদেরও দুই সন্তান। স্বামী-স্ত্রী আর দুই সন্তানের খাওয়া ও পড়ালেখা একজনের আয়ে কুলিয়ে উঠছিল না। অভাবের কারণে প্রায়ই সংসারে গোলমাল ছিল। এটা নেই, ওটা নেই। এভাবে কষ্ট করেই চলছিলেন তাঁরা। এলাকায় পরচুলা তৈরির কারখানা হলে সেখানে কাজ নেন সবুরা। বাড়ির কাজের ফাঁকে ফাঁকে অবসরে সেখানে কাজ করে মাস গেলে চার থেকে পাঁচ হাজার টাকা হাতে আসে। এখন তাঁদের সংসার ভালোই চলছে।
রুপালী, সবুরার মতো ঝিনাইদহের মহেশপুর উপজেলার অজপাড়াগাঁ ধাণ্যহাড়িয়া গ্রামের শতাধিক নারী পরচুলা তৈরির কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন। তাঁরা সবাই সংসারের দৈনন্দিন কাজের ফাঁকে এ কাজ করেন। পরচুলা তৈরির কারখানাটি ওই গ্রামেরই আরেক নারী তানজিদা চামেলীর।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, তানজিদা চামেলীর বাড়িতে একটি ঘরে দুটি টেবিল বসানো হয়েছে। একটি টেবিলে ১০ জন করে কাজ করছেন। এভাবে ২টি টেবিলে ২০ জন। একইভাবে পাশের পুড়াপাড়া ও সুন্দরপুরে আরও দুটি কারখানায় কাজ করছেন নারীরা। সবাই সুচ আর চুলের কাজ নিয়ে ব্যস্ত। কথা বলার সময় কম তাঁদের। দ্রুত চুলগুলো সুচ দিয়ে পাতলা জালের সঙ্গে গেঁথে দিচ্ছেন। তৈরি হচ্ছে টুপি আকৃতির পরচুলা।
চামেলী ধাণ্যহাড়িয়া গ্রামের মেহেদী রেজার মেয়ে। তিন বোন আর এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। পাশের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। পরে বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে চলে আসেন। চামেলী জানান, বাবা মেহেদী রেজা একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। এখন অবসরজীবন যাপন করছেন। একমাত্র ভাই ফয়সাল আহম্মেদ স্নাতক (সম্মান) শ্রেণিতে পড়েন। ছোট দুই বোন সোহেলী পারভীন আর ওয়াজিদা পারভীনও পড়ালেখা করছে। সংসারে আয়ের একমাত্র ব্যক্তি তিনিই।
চামেলী জানান, তিন ভাই-বোনের পড়ালেখা আর সংসার যখন চলছিল না, তখন তিনি কিছু একটা করার কথা চিন্তা করছিলেন। এমন সময় তাঁর এক আত্মীয়ের মাধ্যমে জানতে পারেন, পরচুলা তৈরির কাজের কথা। ঢাকায় মনিরুজ্জামান নামের এক ব্যক্তির কারখানায় ১৫ দিন প্রশিক্ষণ নেন। তারপর ২০২০ সালে বাড়িতে কারখানা গড়ে তোলেন। প্রথম পর্যায়ে নিজে এক হাতেই কাজ করতেন। এরপর একে একে মেয়েরা তাঁর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন আর কাজে লেগে পড়ছেন। নিজ বাড়িতে গড়ে তোলা কারখানায় ২০ জন নারী কাজ করে যাচ্ছেন।
তানজিদা চামেলী জানান, একটি কারখানায় অনেক নারীর কর্মসংস্থান হওয়ার পর তিনি পরিকল্পনা করেন আরও কারখানা খোলার। এভাবে চলতি বছর মহেশপুর উপজেলার পুড়াপাড়ায় ও সুন্দরপুরে আরও দুটি কারখানা গড়ে তোলেন। এই তিন কারখানায় বর্তমানে ৭০ জন কাজ করছেন।
চামেলী জানান, এই কাজে তাঁর মহাজন আছেন। যিনি তাঁদের দিয়ে এই পরচুলা তৈরি করান। তিনি ঢাকা থেকে চুলসহ অনান্য মালামাল পাঠিয়ে দেন। তাঁরা এগুলো দিয়ে টুপি তৈরি করে আবার ঢাকায় পাঠিয়ে দেন। এ ক্ষেত্রে দুই ধরনের পরচুলা তৈরি করা হয়। একটি বড় আর অপরটি ছোট। বড় পরচুলার জন্য ৪৬ গ্রাম আর ছোটগুলোর জন্য ২৫ গ্রাম চুল দেওয়া হয়। এই চুলের সঙ্গে তিন গ্রাম ওজনের পাতলা নেট যুক্ত হয়। এই সুতা দিয়ে চুলগুলো টুপি আকৃতির করা হয়। ছোট টুপি তৈরিতে ৩০০ টাকা, আর বড় টুপির জন্য ৮০০ টাকা দেওয়া হয়। এগুলো সবই পরচুলা। তিনি নিজে কাজ দেখাশোনার জন্য মহাজনের কাছ থেকে বেতন পান। কাজের মজুরি কর্মীদের দিয়ে দেন। তবে কারখানার একটা খরচ আছে, যেটা সবাই মিলে পরিশোধ করেন। এই কাজ করে একজন নারী মাসে ৮ থেকে ১০ হাজার টাকাও আয় করে থাকেন। তবে তাঁর কারখানায় বেশির ভাগ অসহায় নারীরা কাজ করেন। যাঁরা গৃহস্থালির কাজের পাশাপাশি এ কাজ করেন। অবসর সময়ে কাজ করে চার থেকে পাঁচ হাজার টাকা আয় হয় তাঁদের।
কথা হয় ধাণ্যহাড়িয়া গ্রামের ইসমত আরার সঙ্গে। তিনি জানান, তাঁর স্বামী একটি দুর্ঘটনায় আহত হয়ে বিছানায় পড়ে আছেন। তিনি কোনো কাজ করতে পারেন না। পাঁচজনের সংসার। কিছুদিন মানুষের নানা কাজ করে দিয়ে সংসার চালিয়েছেন। এখন পরচুলা তৈরি করে সংসার চালান। মাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা আয় তাঁর।
ধাণ্যহাড়িয়া গ্রামের আকিমুল ইসলাম জানান, চামেলী গত দুই বছরে এই চুলের কাজ করে ভালো উন্নতি করেছেন। গ্রামের ও পাশের কয়েকটি গ্রামের মেয়েরা এখানে এসে কাজ করছেন। অনেক মেয়ে আছেন, যাঁরা অবসর সময়ে পাড়ায় পাড়ায় না গিয়ে চামেলীর কারখানায় কাজ করছেন।