হবিগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪০ নেতা-কর্মীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ জেলার মানচিত্র

হবিগঞ্জে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে গতকাল রোববার পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিকসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সদর মডেল থানার উপপরিদর্শক জয় পাল বাদী হয়ে আজ সোমবার রাতে এ মামলা করেন। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুর ১২টার দিকে হবিগঞ্জ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরের শায়েস্তানগর মোড়ে জড়ো হন মানববন্ধন পালন করতে। কর্মসূচির প্রায় শেষ পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ নেতা-কর্মীদের মানববন্ধন থেকে সরিয় দিতে অগ্রসর হয়। তখন বিএনপির নেতা-কর্মীরা ভাবেন, পুলিশ তাঁদের ওপর আক্রমণ করছে। এ ভেবে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। এসব চলে বেলা দেড়টা পর্যন্ত।

এ সময় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত পুলিশ সদস্যদের ঘিরে ফেললে, পুলিশ নিজেদের রক্ষা করতে গিয়ে দৌড়ে শায়েস্তানগর এলাকায় অবস্থিত একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে নিজেদের রক্ষা করে। তখন বিএনপির নেতা–কর্মীরা পুলিশের দলটিকে প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা ও পুলিশ লাইন থেকে অতিরিক্ত লোকজন ঘটনাস্থলে এসে অবরুদ্ধ পুলিশ দলকে উদ্ধার করতে শটগানের ফাঁকা গুলি ছুড়তে থাকেন বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে। শতাধিক গুলি ছোড়া হয়। এ ঘটনায় ২ সাংবাদিকসহ আহত হন ৩০ জন।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

হ‌বিগঞ্জ জেলা বিএন‌পির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ব‌লেন, ‘আমরা শা‌ন্তিপূর্ণভা‌বে আমা‌দের কর্মসূ‌চি‌ পালন কর‌ছিলাম। পু‌লিশ আক‌স্মিক হামলা চা‌লি‌য়ে আমা‌দের মানববন্ধন কর্মসূ‌চি পণ্ড ক‌রে দেয়। এখন মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রানি করছে। হ‌বিগঞ্জ জেলা বিএন‌পির নেতা–কর্মী‌দের বিরুদ্ধে এখন পর্যন্ত অর্ধশত মামলা হ‌য়ে‌ছে। মামলা দি‌য়ে আমা‌দের আন্দোল‌নের মাঠ থে‌কে সরা‌তে পার‌বে না পু‌লিশ।’