নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিষয়ে বক্তব্য দিতে সরকারি হাসপাতালের দুই নার্স নেতাকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি করপোরেশন নির্বাচন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়ে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে তাঁদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীর উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দিতে নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল রোববার বিকেলে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের এই নোটিশ দেন। তবে নোটিশটি আজ সোমবার সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো হয়। যোগাযোগ করা হলে রিটার্নিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রথম আলো অনলাইন সংস্করণে নির্বাচনী প্রচারণাবিষয়ক প্রকাশিত এক সংবাদের পরিপ্রেক্ষিতে এই নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, সিটি করপোরেশনের (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬-এর বিধি ২২ (১) অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচনের আগে প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে দুই নার্স নেতাকে আগামী বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে।

আরও পড়ুন

এর আগে গত শুক্রবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নগরের দরগাগেট এলাকার একটি রেস্তোরাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বিএনএ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নৌকার পক্ষে স্লোগান দিয়েছেন নগরের কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালের নার্সরা।

বিএনএর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাছরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলীর (সাদেক) সঞ্চালনায় অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।