সাতকানিয়ায় আ.লীগ নেতা-কর্মীদের ধাওয়া, ভাঙচুর-আগুন, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচিতে ধাওয়া দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় বেশ কয়েকটি দোকান ও একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় অন্তত ছয়টি মোটরসাইকেলে।

আজ রোববার বেলা ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকে কয়েক হাজার আন্দোলনকারী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট মোড়ে অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কের ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টা থেকে কেরানীহাট এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতা-কর্মী। তাঁদের হাতে ধারালো অস্ত্রশস্ত্র, হকিস্টিক ও লাঠিসোঁটা দেখা গেছে। বেলা তিনটার দিকে উপজেলার ছদাহা এলাকা থেকে আড়াই–তিন হাজার মানুষের একটি দল লাঠিসোঁটাসহ মিছিল করে কেরানীহাটের দিকে যাত্রা শুরু করেন। বেলা সোয়া তিনটার দিকে তাঁরা কেরানীহাট মোড়ে পৌঁছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পিছু হটলে বিক্ষোভকারীরা মোড়ে অবস্থান নেন।

মোড়ে অবস্থানকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলীর মালিকানাধীন একটি মিষ্টান্ন বিক্রির দোকানসহ কয়েকটি দোকানে ভাঙচুর চালান আন্দোলনকারীরা। আগুন দেওয়া হয় অন্তত ১০টি মোটরসাইকেলে। এ ছাড়া মোড়ে ট্রাফিক পুলিশের বক্সও ভাঙচুর করা হয়। এ ঘটনার পর থেকে কেরানীহাট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো অবস্থান দেখা যায়নি।

আন্দোলনকারীরা মোড়ে অবস্থান নিয়ে মহাসড়কের মাঝখানে বেশ কিছু ব্যানার, চেয়ারসহ বিভিন্ন সরঞ্জাম জড়ো করে আগুন দেন। সকাল থেকে মহাসড়কে যান চলাচল কম থাকলেও আন্দোলনকারীদের অবস্থানের কারণে তা একেবারেই বন্ধ হয়ে পড়ে।