চাঁদপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ভাটরা এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রী ফারহানা বেগমকে হত্যার দায়ে শাহজাহান প্রধান (৪৩) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন।

শাহজাহান প্রধান হাজীগঞ্জ উপজেলার ভাটরা এলাকার ছাত্তার মাস্টারের ছেলে। রায়ে একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৪ আগস্ট ফারহানা বেগমের সঙ্গে শাহজাহান প্রধানের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর তাঁদের এক ছেলে ও এক মেয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই শাহজাহানকে সৌদি আরবে পাঠানোর কথা বলে তিন লাখ টাকা যৌতুক দাবি করে তাঁর পরিবার।

এ জন্য ফারহানাকে ক্রমাগত চাপ দিয়ে আসছিলেন শাহজাহানসহ শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে ২০০৯ সালের ৭ জুন তাঁকে মারধর করেন এবং তলপেটে লাথি দেন শাহজাহান। এতে মারা যান ফারহানা।

এ ঘটনায় ফারহানার স্বামী শাহজাহান, শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, গ্রাম্য চিকিৎসকসহ ছয়জনকে আসামি করে ২০০৯ সালের ১০ ডিসেম্বর চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। ফারহানা বেগমের বড় ভাই ফারুক আহম্মদ পাটওয়ারী মামলাটি করেন। আদালত আজ এ মামলার রায় দেন। রায়ে অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।