ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে যুবদলের এক কর্মীর বাড়ি থেকে গ্রেপ্তার করে ডিবিছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে ফেরা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লায় যুবদলের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্ষায় ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কৃত যুবদল কর্মীর নাম আজহারুল ইসলাম। তিনি নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিতেন। তবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সূত্রে জানা গেছে, সংগঠনের কর্মী আজহারুল। তাঁর কোনো সাংগঠনিক পদ নেই।

আজহারুলের বাড়িতে আশ্রয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন। তিনি কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক।

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পর আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন। সেখান থেকে দেশে ফিরে তিনি যুবদল কর্মী আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওই বাড়ি থেকে মোশাররফকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বুধবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজহারুলকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

যুবদল কর্মী আজহারুলকে বহিষ্কারের সংবাদ বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

যুবদল কর্মীর বাড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের একজন শীর্ষ নেতার দীর্ঘদিন অবস্থানের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। আজহারুল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ওরফে খোকার আপন খালাতো ভাই। কেউ কেউ ধারণা করছেন, আবুল কালামের সঙ্গে আত্মীয়তার জোরেই নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আজহারুল বাড়িতে আশ্রয় দিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন বলেন, আবুল কালাম আজাদের সঙ্গে আজহারুলের আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে। তবে এ ঘটনায় খোকার কোনো ভূমিকা নেই। এ ছাড়া আবুল কালাম দীর্ঘদিন ধরে অসুস্থ।

ভারতে আত্মগোপন, দেশে ফিরে নিরাপদ আশ্রয়

জেলা পুলিশ ও ডিবি পুলিশের সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিনের মধ্যেই অবৈধ পথে কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন। সেখানে দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন। প্রায় দেড় মাস আগে দেশে ফিরে গোপনে সাংগঠনিক তৎপরতা শুরু করেন। পরে বারপাড়া এলাকার আজহারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে আজহারুলের তত্ত্বাবধানে তিনি অবস্থান করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবির একটি সূত্র জানিয়েছে, প্রায় দেড় মাস আগে মোশাররফ ভারত থেকে দেশে ফেরেন। ফেরার পর থেকেই তিনি যুবদল কর্মীর বাড়িতেই আত্মগোপনে ছিলেন।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোশাররফ হোসেন মুন কুমিল্লা মহানগরের ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশরাফপুর এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশের ভাষ্য, নাশকতাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোশাররফকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকে কেন্দ্র করে করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় ২০২৪ সালের ২৩ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা রয়েছে। একই বছরের ২১ নভেম্বর কুমিল্লা সদর দক্ষিণ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরেকটি মামলা হয়।

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বুধবার সকালে প্রথম আলোকে বলেন, ডিবি পুলিশের বিশেষ অভিযানে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।