শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি

শরীয়তপুর জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি হয়েছেছবি: প্রথম আলো

শরীয়তপুর জেলা শহরে অবস্থিত জেলা কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি করা হয়েছে। আজ বুধবার ভোররাতের দিকে দুই ব্যক্তি মন্দিরের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে টাকা চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় মন্দিরের পক্ষ থেকে সদরের পালং মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, জেলা শহরের পালং বাজারে জেলা কেন্দ্রীয় মন্দির পালং হরিসভা অবস্থিত। মন্দিরটি চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা। শ্যামসুন্দর মন্দির ভবনের সামনে একটি ও মন্দিরের বারান্দায় একটি দানবাক্স ছিল। বুধবার ভোররাতে দুই ব্যক্তি সীমানাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ওই ব্যক্তিরা দুটি দানবাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়ে যায়।

১৬টি সিসি ক্যামেরা দিয়ে মন্দিরের যাবতীয় কার্যক্রম ভিডিও করা হয়। চুরির ঘটনা ৪টি ক্যামেরায় ধারণ হয়। ভিডিওতে দেখা গেছে, হালকা গড়নের দুই ব্যক্তি রাতের আঁধারে মন্দিরে প্রবেশ করছে। তাদের একজনের মুখে মাস্ক ও আরেকজনের মুখে মাফলার প্যাঁচানো ছিল।

মন্দিরের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ দুপুরে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের দুটি দানবাক্সে এক লাখ থেকে দেড় লাখ টাকা ছিল। ভক্তরা বিভিন্ন সময় মন্দিরে এসে প্রণামি হিসেবে ওই টাকা দানবাক্সে রাখেন। প্রতি দুই মাস অন্তর অন্তর আমরা দানবাক্স খুলে থাকি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। চোরদের শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।’