গাছের গোড়ায় নতুন মাটি, খুঁড়তেই পাওয়া গেল জি-৩ ও এম-১৬ রাইফেল, গুলি
কক্সবাজারের টেকনাফে একটি বাড়িতে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে অত্যাধুনিক অস্ত্র, গুলি-ম্যাগাজিন ও ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী। গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোর পর্যন্ত হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় মো. দেলোয়ার হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়।
নৌবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুটি দল ওই বাড়িতে অভিযান চালায়। প্রথমে বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি। পরে সীমানাপ্রাচীরের ভেতরে একটি গাছের গোড়ার মাটি নতুন খোঁড়া মনে হওয়ায় সন্দেহ হয়। সেখানে খনন করলে কালো পলিব্যাগে মোড়ানো দুটি জি-৩ রাইফেল ও একটি এম-১৬ রাইফেল উদ্ধার করা হয়।
এ ছাড়া একই স্থান থেকে ৮টি ম্যাগাজিন, ১৯০টি তাজা গুলি ও ১০টি খালি কার্তুজ পাওয়া যায়। বাড়ির অন্য একটি স্থান খুঁড়ে উদ্ধার করা হয় ২৮ হাজার ইয়াবা।
উদ্ধার করা অস্ত্র, গুলি ও ইয়াবা বিকেলে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনীর সূত্র জানায়, টেকনাফসহ উপকূলীয় এলাকায় মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। পলাতক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা ও মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে।