সুন্দরবন উপকূলের ক্ষত এখনো দগদগে

আম্পানে ক্ষতির পরে গাতিরঘেরী গ্রামের ভক্ত সরকার ও তাঁর বৃদ্ধ মায়ের ঠাঁই হয়েছে শাকবাড়িয়া নদীর বেড়িবাঁধের পাশে। ছবিটি গতকাল শুক্রবার দুপুরে খুলনার কয়রা উপজেলার গাতিরঘেরী এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের তিন বছর আজ। ২০২০ সালের এই দিনে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এতে সুন্দরবন-সংলগ্ন কয়রা উপজেলার সদর, উত্তর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাসে ঘরবাড়ি, কৃষিজমি, মাছের ঘের তলিয়ে যায়। রাতারাতি নিঃস্ব হয়ে পড়েন হাজারো মানুষ। ঘূর্ণিঝড়ের তিন বছর পরও সেই ক্ষত এখনো দগদগে।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে বাড়িঘর হারিয়ে অনেকে এখনো বেড়িবাঁধের ওপর ঝুপড়ি তুলে বসবাস করছেন। অনেক এলাকার জমি ও চিংড়ির ঘের এখনো চাষের উপযোগী হয়নি। কৃষক বা চিংড়ির ঘেরের মালিকদের অনেকে এখন দিনমজুর। কেউ কেউ সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরে সংসার চালাচ্ছেন। অনেকে এলাকা ছেড়ে শহরে পাড়ি দিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আম্পানের তাণ্ডবে কয়রার উত্তর ও দক্ষিণ বেদকাশী এবং কয়রা সদর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আংশিক ক্ষতি হয় মহারাজপুর ইউনিয়নে। এতে উপজেলার দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিলেন। আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত ঘরবাড়ির সংখ্যা ছিল ৩৮ হাজার। এ ছাড়া ৩ হাজার হেক্টর ফসলি ও ৪ হাজার হেক্টর জমির মাছের ঘের লোনাপানিতে তলিয়ে গিয়েছিল।

আরও পড়ুন

গতকাল শুক্রবার দিনভর কয়রার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাঠমারচর, হাজতখালী, গাতিরঘেরী, হরিণখোলাসহ বিভিন্ন এলাকায় আম্পানের সময় কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদীর বাঁধ ভেঙে স্রোতের তোড়ে তৈরি হওয়া খালগুলোতে এখনো পানি থই থই করছে।

অনেক জায়গায় এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে বা বাড়ি থেকে রাস্তায় উঠতে বাঁশের সাঁকো পেরিয়ে আসতে হচ্ছে বাসিন্দাদের। এলাকার অনেকে মাচা তৈরি করে সেখানে বসবাস করছেন। অনেকে আবার সব হারিয়ে বেড়িবাঁধের ওপর ঝুপড়িতে আশ্রয় নিয়েছেন।

কাশিরহাটখোলার মধ্য দিয়ে কয়রা-কাশিরহাট সড়কটি ভেঙে যায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে। এখনো সংস্কার না হওয়ায় রাস্তায় মাঝ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে
ছবি: প্রথম আলো

হাজতখালী গ্রামের কার্তিক মণ্ডল তিন বছর আগেও পাকা দালানে বসবাস করতেন। আম্পানের দিন স্রোতের তোড়ে তাঁর বাড়ি দুমড়ে-মুচড়ে যায়। যেখানে তাঁর ঘর ছিল, সেখানে এখনো অন্তত ২০ হাত পানি। বর্তমানে হাজতখালী গ্রামের ভাঙা স্লুইসগেটের পাশে বাঁধের নিচে কোনোমতে ঘর তুলে বাস করছেন। তিনি বলেন, ‘আম্পানের আগে চিংড়ি চাষ করতাম। আয় দিয়ে ভালোই চলত। কিন্তু ঘূর্ণিঝড় আম্পান আমার সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। এখন কিছুই নাই। দেনা হয়েছি অনেক। কোনোমতে বেঁচে আছি।’

কার্তিকের মতোই এলাকার অধিকাংশ মানুষের গল্প প্রায় একই ধরনের। প্রতিবেশী পরিমল মণ্ডল বলেন, একসময় তাঁদের সবই ছিল। কপোতাক্ষ সব শেষ করে দিল। চার বিঘা জমির ভিটাবাড়ির মাত্র তিন শতাংশ আছে। বাকিটা কপোতাক্ষ গিলে ফেলেছে। হরিণখোলা গ্রামের ইসমাইল হোসেন বলেন, ‘আম্পান ঝড়ের রাতে আমরা আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম। সকালে ফিরে দেখি, ঘরবাড়ি নেই। বাঁধ ভেঙে বাড়ির ওপর দিয়ে খাল চলে গেছে। পরে বাঁধ ঠিক করা হলেও আমার ঘরের জায়গা নেই। এখন পরের জায়গায় ঝুপড়ি তুলে বসবাস করছি।’

উপজেলার কাশিরহাটখোলা এলাকায় গিয়ে দেখা গেছে, হাটখোলা এখন ভূমিহীন মানুষদের দখলে। সারি সারি ঝুপড়ি দোকানে পরিবার নিয়ে বাস করছে গ্রামের ভূমিহীন ২৭টি পরিবার। হাটখোলার মধ্য দিয়ে যাওয়া কয়রা-কাশিরহাট সড়কটিও বেহাল। আম্পানের সময় সড়কের কয়েকটি স্থান ভেঙে গিয়েছিল। এরপর আর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

আম্পানে ভূমিহীন হয়ে পড়া নীলকান্ত মজুমদারের সাড়ে ছয় বিঘা ধানি জমি ও এক বিঘার বসতভিটা ছিল। তিনিও সব হারিয়ে হাটখোলার ঝুপড়িতে বসবাস করছেন। তিনি বলেন, ‘ছয় সদস্যের পরিবার নিয়ে সুখেই ছিলাম। কিন্তু এখন হাটখোলার ঝুপড়ির বাসিন্দা। ঘরবাড়ি, গরু-ছাগল সবকিছুই ভাসিয়ে নেয় কপোতাক্ষে। আর ভাঙনে গাঙের প্যাটে গেছে ফসলি জমি। এখন গতর খাটায়ে চলতি হয়। তাই আর ভালো ঘর তুলতি পারিনি।’

কাশিরহাটখোলার মধ্য দিয়ে কয়রা-কাশিরহাট সড়কটি ভেঙে যায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে। এখনো সংস্কার না হওয়ায় রাস্তায় মাঝ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে
ছবি: প্রথম আলো

গাতিরঘেরী এলাকায় গিয়ে কোথাও সবুজের দেখা মেলে না। তিন বছর আগে নদীর স্রোতের তোড়ে তৈরি হওয়া খালের দুই পাড়ে বিরান পড়ে আছে কয়েক শ বিঘা জমি। শাকবাড়িয়া নদীর বাঁধের পাশে তাকালে চোখে পড়ে সারিবদ্ধ ঘর। স্থানীয় বাসিন্দারা জানান, আম্পানের আগে গাতিরঘেরী ছিল সবুজ গ্রাম। সুন্দরবন ও শাকবাড়িয়া নদীতে কাজ করে তাঁদের দিন চলে যেত। কিন্তু আম্পান মানুষের সুদিন কেড়ে নিয়েছে।

দক্ষিণ বেদকাশী ইউনিয়নের প্রবীণ শেহের আলী গাজী বলেন, শুধু আম্পান তাঁদের নিঃস্ব করেনি। আম্পানের পর কয়েকটি বড় দুর্যোগ মোকাবিলা করে তাঁদের টিকে থাকতে হয়েছে। অনেকেই ত্যক্ত হয়ে এলাকা ছেড়েছেন। কিন্তু তাঁর মতো অনেকেই থেকে গেছেন। ইচ্ছা থাকলেও তাঁদের এলাকা ছেড়ে যাওয়ার উপায় নেই।

উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম বলেন, আম্পানের ক্ষত এখনো শোকায়নি। একের পর এক দুর্যোগ এলাকাবাসীকে নিঃস্ব করে ফেলেছে। অসহায় মানুষ যে যেভাবে পারছেন বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। চাইলেও তাঁদের সেখান থেকে সরানো সম্ভব হচ্ছে না। ফসলি জমিতে লোনাপানি আটকে যাওয়ায় সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন তাঁরা। ফসল না ফলায় অভাবের তাড়নায় মানুষ বাইরে চলে যাচ্ছেন।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ভৌগোলিক কারণে কয়রা দুর্যোগকবলিত। এলাকাটি তিন দিক থেকে নদীবেষ্টিত হওয়ায় ছোটখাটো দুর্যোগেও প্লাবিত হয়। ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যাও বেশি।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলোও প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাঁধে বসবাসকারী লোকজনকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে তিনি জানান।