সিলেটে সাড়ে ৪ বছর পর সাবেক সংসদ সদস্য শফি চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

শফি আহমদ চৌধুরীছবি : সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী। প্রায় সাড়ে চার বছর পর দলটি তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে।

গত মঙ্গলবার শফি আহমদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শফি চৌধুরীর পক্ষে তাঁর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রাজু আহমদের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে যোগাযোগ করলে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্রীয় দপ্তরের এক চিঠিতে শফি আহমদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’

কেন্দ্রীয় দপ্তরের চিঠিতে বলা হয়, ২০২১ সালে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ-পরিপন্থী কার্যকলাপের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৩ ফেব্রুয়ারি থেকে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

এর আগে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শফি আহমদ চৌধুরী ২০২১ সালের ১৫ জুন সিলেট-৩ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দেন। এ জন্য ১৫ জুন তাঁকে দলটি কারণ দর্শানোর নোটিশ দেন। তিনি নোটিশের জবাব দেন। কিন্তু তাঁর বক্তব্য ‘গ্রহণযোগ্য ও সন্তোষজনক’ হয়নি মর্মে দল থেকে তাঁকে ১৯ জুন বহিষ্কার করা হয়। তবে ওই উপনির্বাচনে অংশ নিলেও জামানত হারান বিএনপির মনোনয়নে আসনটিতে দুবারের বিজয়ী সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শফি আহমদ চৌধুরী বিএনপির কেন্দ্রীয় উচ্চ পর্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিবৃতিতে বলেন, ‘বিএনপির যেকোনো দুর্দিনে কিংবা সুদিনে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশা আল্লাহ। জিয়া পরিবারের একমাত্র উত্তরসূরি তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ আগামীতে সমৃদ্ধির পানে এগিয়ে যাবে ইনশা আল্লাহ।’