এক মাসেই বেহাল শহীদ চান্দু স্টেডিয়াম, নষ্ট পিচে উঠছে না রান
প্রখর রোদে ফেটে চৌচির ক্রিকেট ভেন্যুর পিচ। পানির অভাবে মরে যাচ্ছে মাঠের সবুজ ঘাস। এদিক–সেদিক ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে পানির খালি বোতল, চিপসের প্যাকেট, পলিথিন, তরমুজের ছাল, চকলেটের মোড়ক। দর্শকশূন্য গ্যালারির চেয়ারের বেশ কয়েকটি সারি ফাঁকা। ভেঙে যাওয়ায় পর জেলা ক্রীড়া সংস্থার লোকজন সেগুলো গ্যালারি থেকে খুলে রেখেছেন।
বৃহস্পতিবার সকালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে গিয়ে দেখা গেল এই চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু প্রত্যাহারের পর পরিচর্যার অভাবে এক মাসের ব্যবধানে এমন অবস্থা এ মাঠের।
মাঠে যে প্রিমিয়ার লিগ খেলা নিয়ে বিসিবির সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার বিরোধ প্রকাশ্যে আসার পর ভেন্যু বাতিলের সিদ্ধান্ত আসে, সেই প্রিমিয়ার লিগ খেলতে আসা নবীন ক্রিকেটাররা মাঠের দশা দেখে হতাশ। খেলোয়াড়দের ভাষ্য, পরিচর্যার অভাবে দেশের সেরা পিচ নষ্ট হওয়ার পথে। বিসিবি মাঠ দেখভালের দায়িত্ব না নিলে সেখানে ক্রিকেট খেলা সম্ভব হবে না।
গতকাল সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, মাঠে প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। মাঠে লড়ছে জলেশ্বরীতলা জেসন-বিপুল স্মৃতি সংঘ ও স্পোর্টস জোন। মাঠ নিয়ে জানতে চাইলে জেসন-বিপুল স্মৃতি সংঘের নবীন ক্রিকেটার মোহাম্মদ নহর বলেন, ‘মাঠ পরিচর্যার সব সরঞ্জাম ঢাকায় নিয়ে গেছে। পরিচর্যার লোক নেই। এ মাঠের পিচ দেশের সেরা। অথচ পরিচর্যার অভাবে এক মাসেই পিচ নষ্ট হওয়ার পথে। প্রিমিয়ার লিগের শুরুর দিকে এ মাঠে ৫০ ওভারে ৩০০ রান তুলেছেন খেলোয়াড়েরা। এখন ৫০ ওভারে ২০০ রান তুলতে পারছে না কোন দল।’
স্পোর্টস জোনের নবীন ক্রিকেটার রাশেদ বলেন, ‘এক মাসেই পিচ ফেটে গেছে। ব্যাট হাতে খেলতে নেমে বেশি রান তোলা যাচ্ছে না। মাঠের পরিচর্যা নেই। ময়লা-আবর্জনা ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। গ্যালারির ভাঙা চেয়ার খুলে রাখা হয়েছে। সেরা মাঠের এই দশা দেখে খুব কষ্ট হয়।’
অথচ আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্বীকৃতির পর শহীদ চান্দু স্টেডিয়ামের সবুজ ঘাসে পা দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক ক্লাইভ লয়েড থেকে শুরু করে অসংখ্য ক্রিকেটার এই পিচ ও মাঠের প্রশংসায় ভেসেছিলেন। আর বগুড়ার ছেলে মুশফিকুর রহিমের কাছে তো ‘শহীদ চান্দু স্টেডিয়াম দেশের সেরা টার্ফ উইকেট’।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে দ্বন্দ্বে স্টেডিয়ামের মূল মালিক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে স্টেডিয়ামটি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় বিসিবি। ২ মার্চ এনএসসি সচিব বরাবর পাঠানো বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে স্টেডিয়ামটি হস্তান্তরের এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর ওই দিনই শহীদ চান্দু স্টেডিয়ামে কর্মরত বিসিবির ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বগুড়া থেকে প্রত্যাহার করে পরে রাজশাহী ও রংপুর বিভাগীয় স্টেডিয়ামে বদলি করা হয়। এ ছাড়া স্টেডিয়ামে থাকা রোলার, পিচ কাভারসহ মাঠ ও খেলার যাবতীয় সরঞ্জাম এবং ড্রেসিংরুমের আসবাব ঢাকায় নিয়ে যায় বিসিবি।
এ ঘটনার পর বগুড়া জেলা ক্রীড়া সংস্থা সভা করে। ওই সভার কিছু সিদ্ধান্তের রেজল্যুশনসহ ভেন্যু পুনর্বিবেচনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিসিবির কাছে ৭ মার্চ চিঠি পাঠানো হয়।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারে বিসিবি নীতিগতভাবে রাজি হয়েছে। আগামী শনিবার ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে সংস্থাটি।
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান বলেন, ক্রিকেট ভেন্যু প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলের বিষয়ে বিসিবি থেকে শনিবার ঘোষণা আসতে পারে। জনবল ফিরিয়ে দিলে মাঠ পরিচর্যার সমস্যা হবে না।