নেত্রকোনায় নিখোঁজের ৫ ঘণ্টা পর ২ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার
নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর নেত্রকোনার আটপাড়া উপজেলায় দুই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে স্বরমুশিয়া ইউনিয়নের সুতারপুর মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে ভাসমান লাশ দুটি উদ্ধার করা হয়।
ওই দুই ছাত্র হলেন মোহাম্মদ আবদুল্লাহ (২০) ও মো. আবু সাঈদ (২১)। তাঁদের মধ্যে আবদুল্লাহ সদর উপজেলার হাটখলা এলাকার মাওলানা আবদুল ওয়াহিদের ছেলে। আর আবু সাঈদ মদন উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার আবদুল মালেকের ছেলে। তাঁরা দুজনই সুতারপুর মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে আবদুল্লাহ ও সাঈদ মাদ্রাসার ছাত্রাবাস থেকে বের হন। তবে সন্ধ্যার পরও তাঁরা ছাত্রাবাসে না ফেরায় মাদ্রাসার অন্য ছাত্ররা খোঁজাখুঁজি শুরু করেন। রাত আটটার দিকে স্থানীয় লোকজন মাদ্রাসার পাশের একটি পুকুরে তাঁদেরকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ বুধবার সকালে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন। দুই ছাত্রের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দুটি আজ সকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।