সড়কে প্রাণ গেল মা-দাদির, হাসপাতালে সংকটাপন্ন ৬ মাস বয়সী মুক্তা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় ইজিবাইকটি। এই দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। তাঁরা সম্পর্কে শাশুড়ি-পুত্রবধূ। দুর্ঘটনায় আহত হয়ে ছয় মাস বয়সী একটি শিশু সংকটাপন্ন অবস্থায় আছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার অরণ্যপাশা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জহুরা খাতুন (৫০) ও তাঁর পুত্রবধূ বৃষ্টি আক্তার (২২)। জহুরা অরণ্যপাশা গ্রামের কৃষক আবদুল হেকিমের স্ত্রী। বৃষ্টি তাঁর ছেলে উজ্জ্বল মিয়ার স্ত্রী। উজ্জ্বলও একজন কৃষক। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বৃষ্টির ছয় মাস বয়সী সন্তান মুক্তা খাতুন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ মঙ্গলবার সকালে অরণ্যপাশা গ্রামে নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে গ্রামবাসীর ভিড়। বাড়ির ভেতরে চলছিল নিহত ব্যক্তিদের জানাজা ও দাফনের আয়োজন। সেখান থেকে ভেসে আসছিল কান্নার রোল।

নিহত বৃষ্টি আক্তারের চাচাতো ভাই মো. মোশাররফ হোসেন জানান, তাঁর ভাগনি মুক্তা খাতুন সর্দি-জ্বরে আক্রান্ত ছিল। বৃষ্টি ও তাঁর শাশুড়ি মিলে গতকাল বিকেলে নান্দাইল চৌরাস্তায় গিয়েছিলেন মুক্তাকে চিকিৎসক দেখানোর জন্য। সেখান থেকে একটি ইজিবাইকে তাঁরা বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক দিয়ে অরণ্যপাশা কমিউনিটি ক্লিনিকের কাছে এসে বাড়ির রাস্তার দিকে মোড় নিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে ছিটকে সড়কের পাশে গিয়ে পড়ে। এ ঘটনায় ইজিবাইকের তিন আরোহী শিশু মুক্তা খাতুন, জহুরা খাতুন ও বৃষ্টি আক্তার গুরুতর আহত হন।

এ দৃশ্য দেখে পথচারীরা দৌড়ে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর জহুরা খাতুন মারা যান। বৃষ্টি আক্তার ও তাঁর শিশুকন্যা মুক্তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃষ্টি আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে শিশু মুক্তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শিশুটি মাথায় আঘাত পেয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে গেছে। তাঁরা সেটি শনাক্ত করার চেষ্টা করছেন। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বৃষ্টি আক্তারের বাবা সোনা মিয়া বলেন, দুই বছর আগে উজ্জ্বল মিয়ার সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়েছিল। তাঁদের একমাত্র সন্তান হচ্ছে মুক্তা। শিশুটিকে রেখে মা-দাদির এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না।