ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে তল্লাশির পর সন্ত্রাস দমন আইনে মামলা, গ্রেপ্তার ১

ফরিদপুরে জামায়াতের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার পুলিশ তল্লাশি চালিয়ে ১২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জেলা জামায়াতের কার্যালয় তল্লাশির পর মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাস দমন ও বিস্ফোরক আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

এজাহারে জামায়াতের কার্যালয়ে তল্লাশি করে ককটেল ও জঙ্গি তৎপরতার বইসহ বিভিন্ন বস্তু উদ্ধারের কথা উল্লেখ করা হয়েছে। মামলায় আসামি হিসেবে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামি হিসেবে সাইফুল ইসলাম ওরফে তাকবীরকে (২০) ওই  মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বুধবার রাতে ফরিদপুর শহরতলীর আরামবাগ এতিমখানার একটি কোয়ার্টার থেকে সাইফুলকে আটক করেছিল পুলিশ।

গতকাল বেলা পৌনে তিনটা বিকেল সাড়ে চারটা পর্যন্ত শহরের চকবাজার জামে মসজিদসংলগ্ন মার্কেটের চারতলায় ওই কার্যালয়ে তল্লাশি করে পুলিশ।

এ বিষয়ে আজ সকালে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, সাইফুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে ১২টি ককটেল সদৃশ বস্তু ও নিষিদ্ধ উগ্রবাদী বই জব্দ করা হয়। এর পরিপ্রেক্ষিতে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

মো. হাসানুজ্জামান আরও বলেন, উদ্ধার করা ককটেল সদৃশ বস্তুগুলো পরীক্ষা করে দেখা হয়নি। এ জন্য পুলিশের বিশেষ বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হবে। গ্রেপ্তার সাইফুল ফরিদপুরের বাসিন্দা হলেও তিনি গাজীপুর গিয়ে থাকতেন। সম্প্রতি গাজীপুর থেকে তিনি এসে সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশ নেন।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবল করিম বলেন, গত বুধবার সকাল শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে শামসুল উলুম মাদ্রাসা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন গ্রেপ্তার সাইফুল ইসলাম। তিনি জেলা ছাত্র শিবিরের সহসভাপতি। তাঁর ফুফা জেলা জামায়াতের আমির, অন্য আত্মীয়-স্বজনও জামায়াতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

এ সম্পর্কে সাইফুল ইসলামের বাবা এস এম জিন্নাহ বলেন, সাইফুল ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন। তিনি উচ্চতর শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য গাজীপুর কোচিং করতে গিয়েছিল। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর তিনি বাসায় ফিরে আসেন। সাইফুল শিবিরের কর্মী, তবে কোনো পদে নেই। তাঁর ভাই এস এম ইউনুস জেলা জামায়াতের রোকন। এ ছাড়া তাঁদের পরিবারের কেউ জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত নন।