বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগ, গ্রেপ্তার সেই এনসিপি নেতাকে বহিষ্কার
বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক সদস্য। আফতাব মজুমদার নামের ওই নেতাকে এবার দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কার আদেশে বলা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আফতাব মজুমদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী মহানগর কমিটির জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে তাঁকে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন এনসিপি চট্টগ্রামের দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়। তিনি বলেন, আদেশটি আজ থেকে কার্যকর হবে। এর পর থেকে দলের কোনো সাংগঠনিক কার্যক্রম, সিদ্ধান্ত বা পরিচয়ের সঙ্গে আফতাব মজুমদারের সম্পর্ক থাকবে না।
এর আগে গতকাল বুধবার আফতাব মজুমদারকে গ্রেপ্তারের পর চান্দগাঁও থানায় সোপর্দ করে র্যাব। নগরের হালিশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ১৯ জুলাই এক তরুণী আফতাব মজুমদারের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজে পড়া ওই ছাত্রীর সঙ্গে প্রায় তিন মাস আগে ফেসবুকের মাধ্যমে আফতাবের পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাস দিয়ে তিনি তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। এরপর ওই তরুণী থানায় মামলা করেন।