নাটোরে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১
নাটোরের লালপুর উপজেলায় বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাগশোষা গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে রজব আলী (৩৬) নামের এক যুবক গুলিবিদ্ধসহ মোট পাঁচজন আহত হয়েছেন। রজব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে লালপুর থানা-পুলিশ।
পুলিশ ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা আড়াইটার দিকে উপজেলার নাগশোষা গ্রামে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে স্থানীয় রজব আলী ও সুমন মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে সুমন মিয়া রজব আলীকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়েন। একটি গুলি রজবের পেটে লাগে। পরে আশপাশের লোকজন রজব আলীকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় আজমত আলী, জামারুল ইসলাম, তাজু আলী ও তাজুর স্ত্রী রেখা বেগম আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে আঘাতটি গুলির বলে মনে হয়েছে। অস্ত্রোপচার না করে গুলি বের করা সম্ভব হবে না। তাঁকে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জখমের স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলেও তিনি জানান।
ঘটনার পর সুমন আলী এলাকাছাড়া। এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে রজব আলীকে নিয়ে তাঁর স্বজনেরা হাসপাতালে দৌড়াদৌড়ি করায় তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে। সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। সম্ভাব্য হামলাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজিব ঘটনাস্থল ঘুরে প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে গুলি করার ঘটনা ঘটেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির পানি নামানো নিয়ে দুই পরিবারের মধ্যে কথা–কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।