মেলায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়া স্কুলছাত্রের খোঁজ মেলেনি এক সপ্তাহেও
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মেলায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া স্কুলছাত্রের এক সপ্তাহেও সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজ সাগরের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
নিখোঁজ ওই ছাত্রের নাম মো. সাগর শেখ (১৫)। সে দৌলতপুর উপজেলার ছোট শ্যামপুর গ্রামের কৃষক মাহমুদ আলীর ছেলে। নিখোঁজ সাগর উপজেলার চর মাস্তুল এমবিএ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সাগরকে খুঁজে না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন পরিবারের লোকজন।
নিখোঁজ সাগরের বড় ভাই রিপন শেখ বলেন, ‘সাত দিন হয়ে গেল, ভাইয়ের খোঁজ পাচ্ছি না। ওর চিন্তায় বাবা অসুস্থ হয়ে পড়েছেন। মা খাওয়াদাওয়া ঠিকমতো করেন না।’
পরিবার ও জিডি সূত্রে জানা যায়, পাশের ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে বিজয় মেলায় যেতে চায় সাগর। তবে তার বাবা মাহমুদ আলী এতে নিষেধ করেন। ২১ ডিসেম্বর বিকেল চারটার দিকে বাবার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয় সে। রাত পৌনে আটটার দিকে বিজয় মেলার প্রধান ফটকের সামনের সড়কে সাগরকে দেখতে পান প্রতিবেশী এক অটোরিকশাচালক। তবে সাগর আর বাড়ি ফেরেনি। এর পর থেকে তার কোনো হদিস মিলছে না।
এ ঘটনার পরদিন নিখোঁজ সাগরের বাবা মাহমুদ আলী থানায় জিডি করেন। মাহমুদ আলী বলেন, আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করা হলেও ছেলের কোনো হদিস মেলেনি। ছেলেকে নিয়ে এখন ভীষণ দুশ্চিন্তায় আছেন। ছেলেটির সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন।