আলোকিত জনপদ
জ্ঞানচর্চা থেকে মানবসেবায়
দিনাজপুরের বোচাগঞ্জে ২০০৯ সালে ‘আমাদের লাইব্রেরি’ প্রতিষ্ঠা করা হয়। এই পাঠাগারের উদ্যোক্তারা মানুষকে নানা ধরনের সেবা দিয়ে যাচ্ছেন।
■ ‘আমাদের লাইব্রেরি’র নানা ধরনের কাজ ৩২ সদস্যের একটি কমিটি পরিচালনা করে। এখানে দুই সহস্রাধিক বই আছে।
■ এই পাঠাগারের পক্ষ থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ৩৬৫ জনকে রক্ত দিয়ে সহায়তা করা হয়েছে।
জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চালু করা হয়েছিল একটি পাঠাগার। পাঠাগারের উদ্যোক্তারা শুধু বই পড়ায় মানুষের উদ্বুদ্ধ করার কাজেই নিয়োজিত থাকেননি। ধীরে ধীরে এর কাজের পরিধি বেড়েছে। তাঁরা রক্তদান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণসহ নানা জনসেবামূলক কাজে যুক্ত হয়েছেন। তাঁদের এই কাজের কারণে উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ। আলোকিত হয়েছে পুরো একটি ইউনিয়ন।
এই জনকল্যাণমূলক পাঠাগারটি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের সুলতানপুর গ্রামে। এর নাম ‘আমাদের লাইব্রেরি’। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়পড়ুয়া কয়েকজন স্বপ্নবাজ তরুণ এই পাঠাগার প্রতিষ্ঠা করেন। গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার চিন্তা থেকে এই পাঠাগারের যাত্রা শুরু হলেও ধীরে ধীরে তা নানা সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে প্রসারিত হয়। পাঠাগারের উদ্যোক্তারা বৃক্ষরোপণ কর্মসূচি, প্রামাণ্যচিত্র ও নাটক প্রদর্শনী, স্কুল–কলেজে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা, শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পরিচালনা করে আসছেন। তবে এই পাঠাগারের উদ্যোগে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তদান সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এই সেবার মাধ্যমে পাঠাগারটি নাফানগর ইউনিয়নসহ আশপাশের এলাকার আস্থার প্রতীক হয়ে উঠেছে।
শুরুর কথা
আমাদের লাইব্রেরির নানা ধরনের কাজ ৩২ সদস্যের একটি কমিটি পরিচালনা করে। এর প্রতিষ্ঠাকালীন সভাপতি জাকারিয়া আহমেদ বর্তমানে খাদ্য বিভাগে কর্মরত। সাধারণ সম্পাদক ইকবাল রেজা। তিনি কলেজে শিক্ষকতা করছেন। গত বৃহস্পতিবার আলাপচারিতায় তাঁরা জানালেন, ২০০৯ সালে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাফানগর ইউনিয়নের ৩৫ তরুণ ঈদের ছুটিতে বাড়িতে এসে পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নেন। একটি বিদ্যালয়ের মাঠে বসে সভা করে তাঁরা ওই সিদ্ধান্ত নেন। শুরুতে প্রত্যেকের বাড়িতে থাকা পুরোনো বই সংগ্রহ করে পাঠাগার চালু করা হয়। এ সময় চাঁদার টাকায় নতুন কিছু বইও কেনা হয়। এখন এই পাঠাগারে দুই সহস্রাধিক বই। মুক্তিযুদ্ধবিষয়ক, ইতিহাস-ঐতিহ্যবিষয়ক, গল্প-উপন্যাস-কবিতার বইয়ের পাশাপাশি শিশু শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যবইও আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, যাঁদের হাতে পাঠাগার শুরু হয়েছিল, তাঁদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, আবার কেউ কেউ চিকিৎসক ও প্রকৌশলীরাও আছেন। তাঁদের দেখে এই পাঠাগারের জনসেবামূলক কাজে যুক্ত হয়েছেন আরও অনেকে। সন্তানকে শিক্ষিত করতে অভিভাবকদের সচেতনতা বেড়েছে। ইকবাল রেজার দাবি, নাফানগর ইউনিয়নে নিরক্ষতার হার এখন প্রায় শুন্যের কোঠায়। নাফানগর ইউনিয়নের দেড় শতাধিক শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
দিনাজপুর শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামে এই পাঠাগার। ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা হাজি মোহাম্মদ দানেশের জন্ম এই গ্রামেই। সেদিক থেকে স্থানীয় লোকজন সুলতানপুরকে ঐতিহাসিক গ্রাম বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সুলতানপুরসহ নাফানগর, সেনেহারি, টেনা গ্রামে প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নাফানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে দুই কক্ষের একটি টিনশেড ঘর। ঘরের সামনে সাইনবোর্ডে লেখা ‘আমাদের লাইব্রেরি’। ঘরের একটি কক্ষে চেয়ার–টেবিল ও বইয়ের আলমারি। অন্য কক্ষে খেলাধুলার সামগ্রী। পাঠাগারের পরিচালনার দায়িত্বে আছেন মাঈনুদ্দিন নামের এক ব্যক্তি। তিনি জানালেন, বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত পাঠাগার খোলা থাকে। এখানে পত্রিকা ও বই পড়তে পারেন স্থানীয় লোকজন। তবে বাড়িতেও বই নিতে পারেন পাঠক। তিনি আরও জানালেন, সুগার মিলে কর্মরত ছিলেন। অবসরের পর আট বছরের অধিক সময় ধরে এখানে পাঠাগারে দায়িত্ব পালন করছেন।
রক্তদান সেবা
২০১২ সালের নভেম্বর মাস। সুলতানপুর গ্রামের দিনমজুর রবিউল ইসলাম চিকিৎসকের কাছে জানতে পারেন তাঁর এক বছর বয়সী ছেলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ। বিষয়টি জানতে পেরে আমাদের লাইব্রেরির সদস্য মেহেদী হাসান রক্ত দিয়ে সহায়তা করেন রবিউলের ছেলেক। সেই থেকে তিন মাস পরপর রবিউলের ছেলের জন্য রক্ত জোগাড় করে দিয়ে যাচ্ছেন পাঠাগারের সদস্যরা। পাঠাগারের দুটি রেজিস্ট্রার খাতা দেখে মাঈনুদ্দিন জানান, এলাকায় বেশ কয়েকবার ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য শিবির আয়োজন করা হয়েছে। সাড়ে তিন হাজার মানুষের নাম, ফোন নম্বর ও রক্তের গ্রুপ এখানে লিপিবদ্ধ করা আছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এলাকার অনেকেই রক্তের প্রয়োজনে পাঠাগারের সদস্যদের সহায়তা নেন। রেজিস্ট্রার ঘেঁটে জানা যায়, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ৩৬৫ জনকে ৯০০ বারের বেশি রক্ত দিয়ে সহায়তা করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি
সুলতানপুর বাজার থেকে টাঙ্গন নদের পাড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক চলে গেছে। এই সড়কের দুই পাশে কৃষ্ণচূড়ার গাছগুলো সবার নজর কাড়বে। এখানে কৃষ্ণচূড়ার পাশাপাশি শোভা পাচ্ছে বকুল, সোনালু ফুলের গাছ। চার বছর আগে ‘আমাদের লাইব্রেরি’র সদস্যরা এখানে তিন শতাধিক গাছের চারা লাগিয়েছেন।
দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা
নাফানগর ইউনিয়নের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন ‘আমাদের লাইব্রেরি’র সদস্যরা। পাঠাগারটির পরিচালনা কমিটির বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল রেজা বলেন, এ পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থীকে পাঠাগারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
আরও কর্মসূচি
আমাদের লাইব্রেরির উদ্যোগে প্রতিবছর নিয়ম করে পয়লা বৈশাখের অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় দিবসে খেলাধুলা ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগারের সদস্যরা নিজেরাই অর্থসহায়তা দিয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করেন। শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের নানা ক্ষেত্রে দক্ষ করে তোলার জন্য নাফানগরে ইউনিয়নের ২০টি বিদ্যালয়ে প্রতিবছর বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
স্থানীয় বড় সুলতানপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, প্রতিবছর নিয়ম করে পাঠাগার থেকে বিতর্ক প্রতিযোগিতাও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ধরনের শিক্ষামূলক কর্মসূচির কারণে এলাকায় শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহ বেড়েছে। ঝরে পড়ার সংখ্যা কমেছে। লাইব্রেরির সদস্যরা শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করেন। তাদের এই কার্যক্রমে এলাকার মানুষ উপকৃত হচ্ছেন।
নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ বলেন, ‘এলাকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ওরা (আমাদের লাইব্রেরির সদস্যরা) ভালো কাজ করছে। যত দূর পারছি ওদের সহযোগিতা করে যাচ্ছি।’