দাওয়াত না পেয়ে বিদ্যালয়ের অনুষ্ঠানে বিএনপির সাবেক নেতার হট্টগোল

গাজীপুরে শ্রীপুর উপজেলার ওই বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে হট্টগোলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছেছবি: ভিডিও থেকে সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় অশালীন আচরণ, মাইক কেড়ে নেওয়া এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার দুপুর ১২টার দিকে শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হট্টগোলের কারণে শিক্ষার্থীরা ভীতিকর পরিস্থিতিতে পড়ে এবং একপর্যায়ে অনুষ্ঠান বন্ধ রাখা হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে প্রধান শিক্ষকের কক্ষের তালা খুলে দেওয়া হয়। এরপর সংক্ষিপ্তভাবে প্রায় এক ঘণ্টার মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়।

এ সম্পর্কে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন বলেন, বিদায় অনুষ্ঠান চলার সময় হঠাৎ উপস্থিত হন উপজেলার গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আওয়াল ও তাঁর লোকজন। অনুষ্ঠানস্থলে এসেই গালাগাল শুরু করেন তিনি। একপর্যায়ে সেখানে আওয়ালের সঙ্গে যোগ দেন আরও ১০-১৫ জন। তাঁরা হঠাৎ প্রধান শিক্ষকের হাতে থাকা মাইক্রোফোন কেড়ে নেন। কিছুক্ষণের মধ্যেই তাঁরা প্রধান শিক্ষকের কক্ষে তালা দেন।

প্রধান শিক্ষক আরও জানান, লিখিতভাবে দাওয়াত না দিয়ে মৌখিক দাওয়াত দেওয়ার কারণে আওয়াল ও তাঁর লোকজন এমন পরিস্থিতি তৈরি করে। পরে স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা হয়েছে।

তবে সারোয়ার আওয়াল এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি কোনো গালাগাল করেননি এবং অভিভাবকদের অনুরোধে সেখানে গিয়েছিলেন।

অভিভাবকেরা প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চেয়েছিলেন। কক্ষে তালা দেওয়ার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে তিনি বলেন, কে তালা দিয়েছে তা তাঁর জানা নেই; তবে অল্প সময়ের মধ্যেই তালা খুলে দেওয়া হয়েছে।

ঘটনাটি নজরে এসেছে জানিয়ে গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, বিষয়টি নিয়ে আজ সোমবার বিকেলে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।