গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে সরকারও কি ৮০-এর দশকে ফিরে যাবে, প্রশ্ন নাহিদ ইসলামের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ৮০-এর দশক নিয়ে একটি ট্রেন্ড চলছে। সরকারও হয়তো সেই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ৮০-এর দশকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কারণ, তারা গ্যাস ও বিদ্যুৎ বাদ দিচ্ছে।
আজ বুধবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় নাহিদ ইসলাম এ কথা বলেন। জাতীয় ছাত্রশক্তির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা এ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশক নিয়ে একটা ট্রেন্ড শুরু হয়েছে। এ সরকারও মনে হয় ৮০-এর দশকে ফিরে যাবে। কারণ, তারা গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে দিচ্ছে। ৮০–এর দশকে এতো গ্যাস–বিদ্যুৎ ছিল না। সরকার ট্রেন্ডের সঙ্গে থাকার চেষ্টা করছে। নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা বলব, সরকার ইতিবাচকভাবে ট্রেন্ডের সঙ্গে থাকুক। পুরো পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যাতে কোনোভাবে পিছিয়ে না যায়, এটা সবার প্রত্যাশা।’
সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করে নাহিদ ইসলাম এ সময় বলেন, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় ৪০০ শতাংশ নম্বর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অথচ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে বলেছিলেন, ভাইভা নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করে। সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভার মার্কস ২০০ নম্বর এবং বিসিএসে ৫০ নম্বর করা উচিত। আর তারা যখন সরকারে আসে, তখন উল্টো পথে যাচ্ছে।
এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা বলে দিতে চাই, এ রকম কাজ ভুলেও করতে যাবেন না। কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছে, আর ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।’
রাজনৈতিক বিবেচনায় হঠাৎ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক কারণে এ ধরনের হুটহাট সিদ্ধান্ত নেবেন না। যদি আপনাদের কাছে এটা যথাযথ যুক্তি থাকে, তাহলে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করুন, যৌক্তিক সংস্কার করুন; সেটা আমরাও চাই।’
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই অভ্যুত্থানের পর দুই বছর অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের পর এখন নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে। নির্বাচিত সরকারের অনেক প্রতিশ্রুতি রয়েছে। সেই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়ন করতে পেরেছে, তা জনগণ বিচার করবে।
সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, দলের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।
বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে এবং সদস্যসচিব এস এম ওয়াহেদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।