তারাগঞ্জে বাসের ধাক্কায় ভাগনির পর খালার মৃত্যু
রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় স্কুলছাত্রী সুরাইয়া আক্তারের (১১) মৃত্যুর পর একই ঘটনায় আহত এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতি আক্তার (২২) নামের ওই নারীর মৃত্যু হয়। স্মৃতি নিহত সুরাইয়া আক্তারের খালা।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই সুরাইয়া আক্তারের মৃত্যু হয়।
স্মৃতি আক্তারের বাড়ি ইকরচালী ইউনিয়নের দোলাপাড়া গ্রামে। সুরাইয়া আক্তার একই ইউনিয়নের বাসিন্দা। তারাগঞ্জ উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে ইকরচালী ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামে সুরাইয়া আক্তারের বাড়ি। তার বাবা ভুট্টু মিয়া একজন দিনমজুর। তিন ভাইবোনের মধ্যে সুরাইয়া দ্বিতীয়। সে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল।
আজ সকালে সুরাইয়া খালার সঙ্গে ইজিবাইকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেখাতে যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে ইজিবাইকটি মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা সুরাইয়া ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতি আক্তার মারা যান।
আজ দুপুরে সুরাইয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারি থামছে না। মেয়েকে হারানোর শোকে সুরাইয়ার মা সুলতানা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। বারবার বিলাপ করে বলছিলেন, ‘ডাক্টোর (চিকিৎসক) দেখার যায় কলিজা কোনা মোর হারে গেল। দুনিয়া থাকি মোর মাও কোনার সাথে মোর বোন কোনাও চলি গেল। মরার গাড়ি ছাওয়াটাক, বোনটা মারি ফেলাইল।’
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, দুর্ঘটনার পর শ্যামলী পরিবহনের ওই বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।