নেত্রকোনায় ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরে একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। আজ শুক্রবার সকালে তাঁকে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুর রহিম। তাঁর বাড়ি কেন্দুয়া উপজেলায়।
পুলিশ, শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে বাড়ির পাশের হাওর থেকে গরু আনতে যায় শিশুটি। এ সময় মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করেন আবদুর রহিম। ফিরতে দেরি হওয়ায় একপর্যায়ে শিশুটিকে খুঁজতে ওই গাছের নিচে যান তার মা। তাঁকে দেখে রহিম দৌড়ে পালান।
পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দেখিয়ে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ আছে, ঘটনার পর গ্রামের কয়েকজন মাতবর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান। তাঁরা নির্যাতিত শিশুটির পরিবারকে আইনি ব্যবস্থা নিতে বাধা দেওয়াসহ ৫০ হাজার টাকার প্রলোভন দেখান। কিন্তু মেয়েটির পরিবার এতে রাজি হয়নি। গত সোমবার দুপুরে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন দুপুরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মঙ্গলবার মেয়েটির বাবা বাদী হয়ে আবদুর রহিমকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন।
মেয়েটির বাবা বলেন, ‘এ ঘটনায় আমি থানায় মামলা করতে চাইলে গ্রামের মাতবর আবু তাহের ও আবু বক্কর মীমাংসার কথা বলে বাধা দেন। লোকলজ্জার ভয়ে আমি তখন থানা–পুলিশকে জানাইনি। আসামি রহিমের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মাতবর আবু তাহের ও আবু বক্করের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তবে তা বন্ধ পাওয়া গেছে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বিষয়টি জানাজানি হওয়ায় সোমবার সকাল থেকে ওই দুই ব্যক্তি এলাকা ছেড়েছেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাকসুদ আজ সকালে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলায় অভিযুক্ত আবদুর রহিমকে র্যাব গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করেছে। তাঁকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
শিশুটি ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে জানিয়ে ওসি আরও বলেন, গ্রাম্য মাতবর আবু তাহের ও আবু বক্কর যদি এ ঘটনায় জড়িত থাকেন, তবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।