লক্ষ্মীপুরে ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে মজুতের অভিযোগে ২৪টি ড্রামভর্তি ৪ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করে পুলিশ। গতকাল রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রিজঘাট এলাকায়ছবি: পুলিশের কাছ থেকে নেওয়া

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবৈধভাবে মজুতের অভিযোগে ডিজেলভর্তি ২৪টি ড্রাম জব্দ করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে ডিজেলভর্তি ড্রামগুলো জব্দ করা হয়। অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম ওরফে শাকিল (২৮)। তিনি উপজেলার বড়খেরী ইউনিয়নের মৃত গিয়াস উদ্দিন ছেলে। গতকাল রাতে তাঁর বিরুদ্ধে রামগতি থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

পুলিশ জানায়, জব্দ করা ২৪টি ড্রামে প্রায় ৪ হাজার ৮০০ লিটার ডিজেল রয়েছে। এই জ্বালানি তেলের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা। পুলিশের অভিযোগ, গ্রেপ্তার সাইফুল ইসলাম অবৈধভাবে ডিজেল মজুতের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করে আসছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

জানতে চাইলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান প্রথম আলোকে বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের কারণে সাধারণ ভোক্তারা ভোগান্তির শিকার হয়ে আসছেন। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।