নৌকার প্রার্থী হতে চান নাজমুল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরাইল প্রেসক্লাবে আজ সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটির সভাপতি আইনজীবী নাজমুল হোসেন। আজ সোমবার বিকেলে সরাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে তিনি এ আগ্রহের কথা প্রকাশ করেন। এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান।

মতবিনিময় সভায় নাজমুল হোসেন বলেন, এখানে আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য না থাকায় জেলার অন্যান্য উপজেলার মতো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট থেকে জাতীয় পার্টির প্রার্থী দুবার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি সাধ্যমতো চেষ্টা করেও তেমন উন্নয়ন করতে পারেননি। এখানকার লোকজনের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নৌকার প্রার্থী হোক। নৌকার প্রার্থী বিপুল ভোটের জয়ী হবেন। শূন্য আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছেন। তিনি আরও বলেন, ‘এখানে দলের নেত্রীর কাছে আমাকে প্রার্থী করার প্রার্থনা করছি। আমি ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দীর্ঘ ৪৫ বছর ধরে দলীয় রাজনীতির সঙ্গে জড়িত আছি। এলাকার দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।’

নাজমুল হোসেন বলেন, ‘আমি আওয়ামী লীগের প্রার্থী হতে চাই। তবে দলীয় সিদ্ধান্তে যদি দলের কিংবা মহাজোটের প্রার্থী দেওয়া হয়, তা আমি মেনে নিয়ে জোটের প্রার্থীর পক্ষে কাজ করব। প্রধানমন্ত্রী জননেত্রী যে সিদ্ধান্ত দেবেন, তাই মেনে নেব।’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ—দুই উপজেলায় ১৭টি ইউনিয়ন রয়েছে। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৭০ হাজার ১২৩ জন। এর মধ্যে সরাইল উপজেলার ৯টি ইউনিয়নের ২ লাখ ৩৭ হাজার ১৫৩ এবং আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের ১ লাখ ৩২ হাজার ৯৭০ জন ভোটার আছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৎকালীন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন। তিনি পেয়েছিলেন ৭৫ হাজার ৪১৯ ভোট। ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।